KBC-তে ৫০ লক্ষ জয়, তারপর প্রথম প্রচেষ্টাতেই UPSC ক্র্যাক, অসাধ্য সাধন বিকাশের

Published:

UPSC Success Story of Vikas Singh Panwar

অনন্যা সরকার, শিমলা: কথায় বলে স্বপ্ন পূরণের কোনো বয়স হয় না। যেকোনো বয়সের মানুষই শুধুমাত্র নিজের দৃঢ় সংকল্প ও নিষ্ঠার জোরে সাফল্যের শিখরে পৌঁছাতে পারেন। হিমাচল প্রদেশের শিমলা জেলার জুবিলি গ্রামের ২২ বছরের বিকাশ সিং পানওয়ারও (UPSC Success Story of Vikas Singh Panwar) এটাই প্রমাণ করে দেখিয়েছেন। তিনি প্রথম প্রচেষ্টাতেই ২০২৫ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় (UPSC Civil Service) সর্বভারতীয় স্তরে ১৫৯তম র‍্যাঙ্ক অর্জন করে তাক লাগিয়ে দিয়েছেন। তবে বিকাশ সিং পানওয়ারের গল্পটি শুধু একটি ইউপিএসসি পরীক্ষায় ভালো র‍্যাঙ্ক পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই। ইউপিএসসি-র ফল বেরোনোর আগেই ভারতবাসী তাঁকে চিনেছিল টিভির পর্দায় তাঁর তীক্ষ্ণ বুদ্ধি এবং রসবোধের জন্য। বিকাশ ২০২৫ সালের নভেম্বর মাসে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সিজন ১৭-এ ৫০ লক্ষ টাকা জিতেছিলেন। এখন তিনি ইউপিএসসি ক্র্যাক করে সারা দেশের তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন।

শিমলার গ্রাম থেকে উঠে এসে সিভিল সার্ভিসের স্বপ্নপূরণ

বিকাশ সিং পানওয়ার তার প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করেন ডিএভি নিউ শিমলা স্কুল থেকে। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য চলে আসেন দিল্লি এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ স্বনামধন্য হিন্দু কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন। তার বাবা চাতের সিং পেশায় একজন সরকারি স্কুলের অধ্যক্ষ। তাই ছোটো থেকেই বিকাশ পড়াশোনা এবং জনসেবার জন্য একটি চমৎকার পারিবারিক পরিবেশ পেয়েছিলেন। স্নাতক পাস করার পাশপাশি পাশাপাশি তিনি ইউজিসি নেট পরীক্ষাও পাস করেন।

আরও পড়ুন: নিরাপত্তায় বিশেষ জোর, কালীঘাট মন্দিরে পৃথক পুলিশ ফাঁড়ির সিদ্ধান্ত লালবাজারের

ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময়ই বিকাশ সিং পানওয়ার গতবছর নভেম্বর মাসে জনপ্রিয় ক্যুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে অংশগ্রহণের সুযোগ পান। অমিতাভ বচ্চনের উল্টোদিকে হট সিটে বসে তিনি তাঁর দৃঢ়তা এ জ্ঞান প্রদর্শন করে ৫০ লক্ষ টাকা জিতে নিয়েছিলেন। ১ কোটি টাকার প্রশ্নের উত্তরে নিশ্চিত না থাকায়, কোনো ঝুঁকি না নিয়েই তিনি খেলা ছেড়ে দেন। যদিও পরে যখন অমিতাভ বচ্চন তাঁকে উত্তর জিজ্ঞাসা করেন, তখন তাঁর অনুমান সঠিক প্রমাণিত হয়।

ইউপিএসসি পরীক্ষা দেওয়ার আগে বিকাশ সিং পানওয়ার ‘নেক্সট আইএএস’ ন্যাশনাল স্কলারশিপ টেস্টে উত্তীর্ণ হয়ে ১০০% স্কলারশিপ পেয়েছিলেন, যে অর্থ তাঁর ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিংয়ের খরচ যোগাতে কাজে লেগেছিল। প্রথম চেষ্টাতেই বিকাশ লিখিত পরীক্ষায় ৭৮৭ এবং সাক্ষাৎকারে ২০১ নম্বরের সাথে মোট ৯৮৮ নম্বর পেয়ে সারা দেশের মধ্যে ১৫৯তম র‍্যাঙ্কটি অর্জন করে নেন।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে কী কারণে গ্রেফতার প্রাক্তন সিপিএম কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়?

মাত্র ২২ বছর বয়সেই ইউজিসি নেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, কেবিসি-র মতো ন্যাশনাল টিভি শো-এ ৫০ লক্ষ টাকা জেতা ও প্রথম চেষ্টাতেই ইউপিএসসি পরীক্ষা ক্র্যাক করার মতো মাইলফলক অর্জন করে বিকাশ সিং পানওয়ার সারা দেশের লক্ষ লক্ষ তরুণ-তরুণীর কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন। তার সাফল্য এটাই প্রমাণ করে যে সঠিক শৃঙ্খলা, নিষ্ঠা ও আত্মবিশ্বাস থাকলে দেশের যেকোনো প্রান্ত থেকে উঠে এসেও স্বপ্নপূরণ করা যায়।