বর্ষায় গাড়ির কাঁচে জমছে ধোঁয়াশা? দৃশ্যমানতা বাড়াতে কী করবেন জেনে নিন

Published:

Windshield Fog

অনন্যা সরকার, কলকাতা: বর্ষা (Monsoon) অনেকদিন হল ভারতের মূল ভূখন্ডে প্রবেশ করে গেছে। তবে দেশের অনেক অংশে এখনও তীব্র গরমের দাপট চলছে। সাধারণ মানুষ অধীর আগ্রহে বৃষ্টির জন্য অপেক্ষা করছেন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শীঘ্রই দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টি শুরু হতে পারে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই তার প্রভাব পড়তে শুরু করেছে। বৃষ্টি গরম থেকে স্বস্তি দিলেও গাড়ির চালকদের (Car Driver) ফেলে চ্যালেঞ্জের মুখে। বর্ষার (Rainy Season) সময় গাড়ি চালানোর ক্ষেত্রে অন্যতম সমস্যা হল ঝাপসা হয়ে যাওয়া জানালার কাঁচ (Windshield Fog), যা গাড়ি চালানোকে কঠিন করে তোলে। কাঁচে ধোঁয়াটে ভাব বা কুয়াশা জমার কারণ এবং এই পরিস্থিতিতে কী করণীয়, আসুন জেনে নেওয়া যাক। 

কেন বর্ষায় ঝাপসা হয়ে যায় জানলার কাঁচ

বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেড়ে যায়। গাড়ির ভেতর ও বাইরের তাপমাত্রার তারতম্যের কারণে উইন্ডশিল্ড এবং জানালার কাঁচে ধোঁয়াশা বা ঝাপসাভাব সৃষ্টি হতে পারে। কখনও কখনও এটা এতটাই বেশি হয় যে সামনের রাস্তা পরিষ্কারভাবে দেখাই যায় না। এর ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। এমন পরিস্থিতিতে বেশিরভাগ মানুষ গাড়ির এসি (AC) চালু করে দেন। কিন্তু তার সেটিংস ঠিকভাবে সেট করতে পারেন না। বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকালে প্রায় ৯০ শতাংশ মানুষই  ভুল মোডে এসি চালান। শুধু কুলিং মোডে এসি চালালে, সেটা কুয়াশা কমানোর বদলে কখনও কখনও বাড়িয়ে দিতে পারে।

ধোঁয়াশা কাটাতে কী করবেন?

বিশেষজ্ঞরা বলছেন, গাড়ির জন্য সঠিক এসি মোড বেছে নিলে এবং সঠিক তাপমাত্রা সেট করলে এই সমস্যা অনেকটা দূর হতে পারে। বর্ষায় গাড়ির জানালায় কুয়াশা জমতে শুরু করলে, প্রথমে এসির রিসার্কুলেশন মোড বন্ধ করে ফ্রেশ এয়ার মোড চালু করতে হবে। এই মোডটি গাড়ির মধ্যে বাইরের সতেজ বাতাস নিয়ে আসে, যা ভেতরের ও বাইরের তাপমাত্রার পার্থক্য কমিয়ে দেয়। তাপমাত্রা ভারসাম্যপূর্ণ হলে, জানালায় তৈরি হওয়া ধোঁয়াশাভাব ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে। ড্যাশবোর্ডে থাকা বাইরে থেকে ভিতরে আসা হাওয়ার আইকন দেখে এই ফিচারটি চেনা যায়।

বর্ষাকালে অনেকেই গাড়ির এসির তাপমাত্রা ১৬ বা ১৮ ডিগ্রি সেলসিয়াসে সেট করেন। এর ফলে গাড়ির জানালার ভিতরের দিকের কাঁচ অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় এবং বাইরে আর্দ্রতা ঘনীভূত হয়ে সেগুলোর ওপর দ্রুত ঝাপসাভাব তৈরি করতে শুরু করে। এর ফলে গাড়ির দৃশ্যমানতা কমে যায়। অভিজ্ঞ চালকদের মতে, বর্ষাকালে গাড়ির এসির তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা উচিত। এতে গাড়ির ভেতরের পরিবেশ আরামদায়ক থাকে, জানালায় কুয়াশা কম জমে এবং ভেতরের আর্দ্রতাও হ্রাস পায়। 

আরও পড়ুনঃ বর্ষায় সাপের উপদ্রব? ঘরে রাখুন এই চারটি জিনিস, ‘বাপ-বাপ’ করে পালাবে সাপ

তবে বর্ষাকালে শুধু এসিই নয়, ডিফগার (Defogger) সঠিকভাবে ব্যবহার করাও দরকার। সামনের ডিফগার চালু করলে এসির হওয়া সরাসরি সামনের উইন্ডশিল্ডে এসে পড়ে, যা দ্রুত ধোঁয়াশা দূর করতে পারে। আর কোনো গাড়িতে যদি রিয়ার বা পিছনের দিকে ডিফগার থাকে, তবে সেটিও ব্যবহার করা ভালো। এটি পেছনের উইন্ডশিল্ডকে হালকা গরম করে আর্দ্রতা দূর করতে পারে, ফলে চালকের গাড়ির পেছনে থাকা যানবাহনগুলি দেখতে সুবিধা হয়।