সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার ডিএ (Dearness Allowance) নিয়ে নিয়ে জলঘোলার শেষ নেই। কয়েক বছরের বকেয়া মেটাতে শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। যদিও তাতে মোটেই খুশি নন সরকারি কর্মচারি থেকে শুরু করে অবসরপ্রাপ্তরা। সকলের অভিযোগ, ২০০৮ থেকে ২০১১-র যে বকেয়া দেওয়া হচ্ছে সেটা তো প্রায় শূন্য! এভাবে কী করে চলবে? ফলে এবার নতুন করে ইন্দু মালহোত্রার কমিটির দ্বারস্থ হতে চলেছে বিজেপি প্রভাবিত সহ অন্যান্য কর্মচারী সংগঠনগুলি। এর ফলে কি কোনও সুরাহা হবে? উঠছে প্রশ্ন।
২০০৮ থেকে ২০১১-র বকেয়া ডিএ-তে গরমিল!
সুপ্রিম কোর্টের (Supreme Court of India) নির্দেশ মেনে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ মেটানোর প্রক্রিয়া শুরু হতেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কর্মচারী সংগঠনগুলির অভিযোগ, সরকারের দেওয়া হিসাবের সঙ্গে তাঁদের নিজেদের হিসাবের বিস্তর ফারাক রয়েছে। বিশেষ করে ২০০৮ সালের এপ্রিল থেকে ২০১১ সাল পর্যন্ত অনেক কর্মচারীর বকেয়া ডিএ-র পরিমাণ শূন্য দেখানো হয়েছে। অথচ ওই সময়েও কর্মচারীদের মহার্ঘ ভাতা বকেয়া ছিল বলে দাবি তাঁদের। শুধু তাই নয়, ২০০৮ সালের এপ্রিল থেকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রাপ্য ডিএ-র হিসাবেও বড়সড় গরমিল রয়েছে বলে অভিযোগ উঠেছে।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নভেম্বর মাসের মধ্যেই বকেয়া ডিএ ও ডিআর মেটানোর প্রক্রিয়া চলছে। গত ২৩ নভেম্বর রাত থেকেই অবসরপ্রাপ্ত কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। অন্যদিকে, কর্মরত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ডে বকেয়া অর্থ জমা দেওয়ার প্রক্রিয়া নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। পিএফ ব্যালেন্স পরীক্ষা না করা পর্যন্ত অনেকেই তাঁদের প্রাপ্য অর্থের পরিমাণ বুঝতে পারছেন না। তবে ইতিমধ্যেই বহু কর্মচারী ও পেনশনভোগীর অভিযোগ, তাঁদের প্রকৃত প্রাপ্যের তুলনায় অনেক কম টাকা জমা পড়েছে।
কর্মচারীদের দাবি, কারও যদি ৪ লক্ষ টাকা পাওয়ার কথা থাকে, তাহলে তাঁর অ্যাকাউন্টে জমা পড়ছে মাত্র আড়াই লক্ষ টাকা। স্বাভাবিকভাবেই সরকারের হিসাব পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন প্রাপ্য অর্থের তুলনায় এত কম টাকা দেওয়া হচ্ছে, সে বিষয়ে এখনও সরকারের তরফে স্পষ্ট কোনও ব্যাখ্যা বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। ফলে ক্ষোভ বাড়ছে সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের মধ্যে।
নজরে ১৪ ডিসেম্বর
এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে আগামী ১৪ ডিসেম্বর ইন্দু মলহোত্রা কমিটির বৈঠকে সরব হওয়ার প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন কর্মচারী সংগঠন। কর্মচারী সংগঠনগুলির বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশে স্পষ্ট বলা হয়েছিল, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স বা সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক অনুসারে কেন্দ্রীয় হারের সঙ্গে সামঞ্জস্য রেখে বকেয়া ডিএ-র হিসাব করতে হবে। তাঁদের দাবি, ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ১২৫ শতাংশ ডিএ-র ভিত্তিতে যে বকেয়া তৈরি হয়েছিল, তা মেটানোর কথা। কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশিত মাপকাঠি যথাযথভাবে অনুসরণ করছে না।
কী বলছে কর্মচারী সংগঠনগুলি?
সিপিএম সমর্থিত সরকারি কর্মচারী সংগঠন কো-অর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরীর অভিযোগ, ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত কর্মরত এবং অবসরপ্রাপ্ত— উভয় শ্রেণির কর্মচারীদের ক্ষেত্রেই বকেয়া ডিএ-র পরিমাণ শূন্য দেখানো হচ্ছে। তাঁর বক্তব্য, ওই সময়েও কর্মচারীদের মহার্ঘ ভাতা বকেয়া ছিল। অথচ বর্তমানে সরকারের দায়িত্বে থাকা ব্যক্তিরাই একসময় বকেয়া ডিএ নিয়ে সরব হয়েছিলেন। তাহলে এখন সেই সময়ের বকেয়া শূন্য দেখানোর অর্থ কী, সেই প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর মতে, এই হিসাবের মাধ্যমে কি প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে বামফ্রন্ট সরকারের আমলে কোনও ডিএ বকেয়া ছিল না?
আরও পড়ুনঃ আড়াই গুণ বেতন বাড়বে রাজ্যের সরকারি কর্মীদের? সপ্তম পে কমিশন নিয়ে বড় আপডেট
একইভাবে হিসাবের অসঙ্গতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি মনোভাবাপন্ন সরকারি কর্মচারী সংগঠন সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল। তাঁর বক্তব্য অনুযায়ী, বিষয়টি নিয়ে বহু কর্মচারীর মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তিনি অর্থ দফতরের সঙ্গেও যোগাযোগ করেছিলেন। সেখান থেকেও বকেয়ার পরিমাণ কম হওয়ার বিষয়টি স্বীকার করা হয়েছে বলে তাঁর দাবি। আগামী ১৪ ডিসেম্বর ইন্দু মলহোত্রা কমিটির বৈঠকে অন্যান্য সংগঠনের পাশাপাশি তাঁরাও এই সমস্যার কথা তুলে ধরবেন।


