প্রীতি পোদ্দার, কলকাতা: আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলির মধ্যে অন্যতম হল জলের বোতল (Water Bottle), আর এটি সবার বাড়িতে থাকবেই থাকবে। কিন্তু আমাদের মধ্যে অনেকেরই জলের বোতল তৈরির ইতিহাস সম্পর্কে খুব একটা জ্ঞান নেই। ঠিক তেমনই বোতলের ঢাকনার খাঁজের (Bottle Caps) ডিজাইন কেন থাকে তাও জানা নেই। খেয়াল রাখবেন জল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল খোলার সময় ঢাকনার বাইরের দিকে খাঁজকাটা দাগ (Bottle Cap Design) রয়েছে। কিন্তু জানা নেই কেন এই খাঁজকাটা দাগ থাকে, তাহলে চলুন আমাদের আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক।
বোতলের ছিপিতে খাঁজ কাটা ডিজাইন কেন থাকে?
বোতলের ঢাকনায় এই খাঁজকাটা দাগ থাকার পদার্থবিদ্যা ওতপ্রোতভাবে জড়িত। মূলত ‘ফ্রিকশন’ বা ঘর্ষণ নিয়মের জন্য এই খাঁজগুলি রয়েছে। যদি এই দাগগুলো না থাকত শুধুই প্লেন থাকত তাহলে ঢাকনা খোলার সময় ঘর্ষণের অভাবে হাত পিছলে যেত। অর্থাৎ বোতলের ছিপি খুলতে বা আটকাতে রীতিমতো কষ্ট হত এবং সময় লাগত। তবে শুধু ঢাকনা খোলা আটকানোতেই এই খাঁজকাটা দাগ করা হয়েছে তা নয়, এটি বানানোর জন্য যে মেশিনের দরকার তার সুবিধার্থেও বানানো হয়েছে।
মেশিনের সুবিধার্থে এই ডিজাইন
বোতল তৈরির কারখানায় যখন মেশিনের সাহায্যে এই ঢাকনাগুলো বোতলের মুখে আটকানো হয়, তখন এই খাঁজগুলোই মেশিনকে সঠিক গ্রিপ পেতে সাহায্য করে। কারণ দেখা গিয়েছে, এই দাগগুলো না থাকলে অটোমেটেড মেশিনের পক্ষে ঢাকনা ঘোরানো প্রায় অসম্ভব হয়ে পড়ত। এমনকি ঢাকনার বাইরের খাঁজগুলো যদি মেশিনকে সঠিক গ্রিপ দেয়, তাহলে বোতলের মুখ একদম নিশ্ছিদ্রভাবে আটকানো যাবে। এবং ভেতরের গ্যাস সহজেই বাইরে বেরিয়ে যাবে না। তবে যদি এই খাঁজ না থাকত তাহলে মসৃণ ঢাকনাকে পর্যাপ্ত জোর দিয়ে ঘোরানো যেত না। জানা গিয়েছে, ১৮৯২ সালে উইলিয়াম পেন্টার নামের এক বিজ্ঞানী নাকি প্রথম বোতলের জন্য এই ‘ক্রাউন কর্ক’ বা খাঁজকাটা ঢাকনার ডিজাইন মার্কিন পেটেন্ট অফিসে নথিভুক্ত করেছিলেন।
আরও পড়ুন: জানেন কেন ঘুমের মধ্যে অনেকে স্বপ্ন দেখেন?
উইলিয়াম পেন্টারের সেই পেটেন্ট দলিলেই পরিষ্কারভাবে এই খাঁজকাটা ডিজাইনের উপযোগিতা লেখার পাশাপাশি ২৪টি খাঁজ বা দাঁত যে তিনি করেছিলেন সেটিও ছবি সহ প্রমাণ দিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা গবেষণায় দেখেন, এই ২৪টি খাঁজ থাকলে ঢাকনা খুব শক্ত হয়ে থাকে সহজে খুলতে চায় না, তাই গ্রাহকদের কথা মাথায় রেখেই খাঁজের সংখ্যা কমিয়ে ২১টি করা হয়েছে। এমনকি এর চেয়ে কম খাঁজ থাকলে বোতল যে ঠিকমতো সিল করা সম্ভব হত না সেটিও প্রমাণ সহ ব্যাখ্যা করা হয়েছিল। তাই আজও সেই নিয়ম মেনে বোতলের ঢাকনা বানানো হয়ে থাকে।










