বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রতীক এবং নাম বদল হতেই মমতা তৃণমূলের (Mamata Trinamool) উপর ভয়াবহ হামলা মুকুন্দপুরে। রক্তাক্ত হলেন প্রাক্তন IPS হুমায়ুন কবীর (Humayun Kabir)। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অভিযোগ, পূর্ব যাদবপুর থানার অন্তর্গত মুকুন্দপুরে একটি দলীয় কর্মসূচির সময় প্রাক্তন বিধায়কের উপর চড়াও হয় বিজেপির কর্মী সমর্থকরা। মমতা তৃণমূল কংগ্রেসের নেতাদের আরও অভিযোগ, বিজেপির দুষ্কৃতীরা উপাসনা চৌধুরীর বাড়িতে হামলা চালানোর পাশাপাশি দলের আরও কয়েকজন কর্মী সমর্থককে মারধর করেছে। যে ঘটনায় নতুন করে বেড়েছে রাজনৈতিক উত্তাপ।
অভিযোগের তীর বিজেপির দিকে
মঙ্গলবার সন্ধ্যায়, মমতা তৃণমূল নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে জানায়, এদিন মুকুন্দপুর থেকে ইস্ট যাদবপুর থানার দিকে শান্তিপূর্ণভাবে মিছিল এগিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় মাঝপথে বিজেপির কয়েকজন দুষ্কৃতি এসে মমতা তৃণমূলের নেতাকর্মীদের উপর হামলা চালায়। জানা গিয়েছে, এদিন মুকুন্দপুর থেকে পায়ে হেঁটে নাকি শান্তিপূর্ণভাবে যাদবপুর থানায় লিখিত ডেপুটেশন জমা দিতে যাচ্ছিলেন মমতার দলের নেতাকর্মীরা। আর সেই মিছিলেই আচমকা হামলা চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। যদিও এ নিয়ে শাসকদলের তরফে প্রতিক্রিয়া মেলেনি।
তৃণমূলের তরফে জানানো হয়েছে, রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং তৃণমূলের সমস্ত কর্মী সমর্থকদের উপর হামলার ঘটনার প্রতিবাদে পুলিশকে গোটা বিষয়টি জানাতে যাচ্ছিলেন তারা। সেই জন্যই আয়োজন করা হয়েছিল ওই দলীয় কর্মসূচির। আর সেই কর্মসূচিতেই হামলার ঘটনায় তৃণমূলের বেশ কয়েকজন কর্মী সমর্থকের পাশাপাশি আহত হয়েছেন প্রাক্তন IPS তথা প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরও। দলের তরফে ইতিমধ্যেই প্রমাণস্বরূপ তাঁর ডান চোখের নিচে নাকের পাশে খত সহ বেশ কয়েকটি ছবি আপলোড করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: ৭৬ বছরে শুরু লেখাপড়া, ৮৫ বছরে MA পাস করে PHD করার পথে লাল চাঁদ
তৃণমূলের তরফে ওই সোশ্যাল মিডিয়া পোস্টে রাজ্যের আইন শৃংখলা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। একই সাথে ওই বিবৃতিতে তৃণমূলের দাবি, “বাংলায় গণতন্ত্রের মৃত্যু হয়েছে। বিজেপির আমলে বিরোধী দলের নেতাদের উপর হামলার ঘটনা এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে।” ওই পোস্টে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও নিশানা করেছে তৃণমূল। পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল! বলাই বাহুল্য, হুমায়ুন কবীরের পাশাপাশি তৃণমূলের আরও কয়েকজন কর্মী সমর্থকের আহত হওয়ার ছবি এবং ভিডিও প্রকাশ করা হয়েছে মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে।










