প্রীতি পোদ্দার, কলকাতা: বাস্তবে রূপান্তরিত হল স্বপ্ন, এগারোর পর ছাব্বিশ, ১৫ বছর পরে ফের পালাবদল ঘটল বঙ্গে। কলিঙ্গ-অঙ্গর পর এবার বঙ্গ জয় লাভ করল বিজেপি। দুই তৃতীয়াংশর বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে প্রথমবার ক্ষমতায় এল বিজেপি। বিজেপির (Bharatiya Janata Party) কাছে তৃণমূলের পরপর হেভিওয়েট মন্ত্রীরা হারালেন। আসলে বাংলার মানুষ ভোটে প্রত্যাবর্তন নয়, পরিবর্তনের পক্ষেই ভোট দিল। তবে এবার আলোচনার মূলে উঠে এল নবান্ন (Nabanna)। আশঙ্কা করা হচ্ছে নবান্ন নয়, এবার রাইটার্স বিল্ডিং (Writers Buildings) থেকেই নাকি বিজেপি সরকার পরিচালনা করতে পারে।
১৫ হাজারের বেশি ভোটে হেরেছেন মমতা
গতকাল, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসতেই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। ২৯৩টি কেন্দ্রের গণনা শুরু হতেই একেবারে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে গেরুয়া ঝড় উঠেছিল। যদিও বেলা বাড়তেই স্পষ্ট হয়ে গিয়েছিল বঙ্গ রাজনীতিতে প্রথমবার বিজেপির নবসূর্যোদয় ঘটতে চলেছে। মোট ২০ জন মন্ত্রী ভোটের ময়দানে ধরাশায়ী। এদিকে, নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরাশায়ী করে দিলেন শুভেনদু অধিকারী। ১৫ হাজারের বেশি ভোটে হারলেন তৃণমূলনেত্রী। সবশেষে এবার পালা সরকার গঠনের।
নবান্ন থেকে বিজেপি গড়বে না সরকার?
সূত্রের খবর, আজ পরিষদীয় দলনেতা নির্বাচন হতে চলেছে। সেখানে আসছেন অমিত শাহ কিংবা রাজনাথ সিংহ। কিন্তু শোনা যাচ্ছে, নবান্ন নয়, রাইটার্স বিল্ডিং থেকেই বিজেপির সরকার পরিচালনা করতে পারে। আসলে গত বছর, এক সাক্ষাৎকারে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছিলেন, “আমরা তৃণমূলকে হারাব, তৃণমূল হারতে চলেছে, তৃণমূল হারবে। আর ২০২৬-এ আমাদের মুখ্যমন্ত্রী রাইটার্স থেকে সরকার পরিচালনা করবে।” তবে অফিসিয়ালি এই বিষয়ে দলের তরফে কোনও মন্তব্য করা হয়নি। সবটাই এখন আলোচনার বিষয়। তবে এসবের মধ্যে প্রধান টপিক হয়ে উঠছে বিজেপির তরফে কে হতে চলেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: মেয়ের বিচার থেকে স্বাস্থ্য দুর্নীতি থ্রেট কালচার ভাঙার ডাক, জিতেই হুঙ্কার অভয়ার মায়ের
প্রসঙ্গত, এবারের ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি কাউকে মুখ্যমন্ত্রীর মুখ করে ভোটে নামেনি। প্রচার-পর্বেও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রসঙ্গে আগাগোড়া ধোঁয়াশা রেখে গেছেন বিজেপির শীর্ষনেতারা। অনেকের ধারণা সেই আসুন পেতে চলেছেন শুভেন্দু অধিকারী। কারণ যেভাবে তিনি নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরে জিতেছেন তা অনেকটাই প্রশংসিত। তবে এর আগে একাধিক রাজ্য়ে দেখা গেছে, বিজেপি ভোটে জয়ের পর এমন কাউকে মুখ্যমন্ত্রী করেছে, যা আগে কেউ কল্পনাও করতে পারেনি। ফলে শেষ অবধি আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত ঘোষণা না হওয়া অবধি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হতে পারেন, তা নিয়ে সবটাই জল্পনা।










