হাইকোর্টের রায়ে ঘুরে গেল খেলা! বড় স্বস্তি পেলেন নন্দীগ্রামের পবিত্র কর

Published:

Pabitra Kar

প্রীতি পোদ্দার, কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় হতে চলেছে ভোট। তাই জনসংযোগ বৃদ্ধিতে মরিয়া হয়ে উঠেছে শাসক দল থেকে শুরু করে বিরোধীরা। আর এই আবহে হাইকোর্টের (Calcutta High Court) রায়ে বড়সড় স্বস্তি পেলেন নন্দীগ্রামের তৃণমূলের প্রার্থী পবিত্র কর (Pabitra Kar)। ছিনতাই ও মারধরের মামলায় আপাতত কোনও কড়া পদক্ষেপ বা গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দিল আদালত।

FIR দায়ের হয়েছে পবিত্র করের বিরুদ্ধে

রিপোর্ট মোতাবেক গত ৬ এপ্রিল নন্দীগ্রামের বাসিন্দা বুদ্ধদেব গিরিকে মারধর করার কারণে তৃণমূল প্রার্থী পবিত্র কর এবং কয়েকজন তৃণমূল কর্মীর নাম জড়িয়েছিল। অভিযোগ ছিল ভোট প্রচারের জন্য পবিত্র কর নাকি জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য জোর করেন তাঁকে। এমনকি তাঁর কাছ থেকে ৩৭০০ টাকা ছিনতাইও করা হয়। তার ভিত্তিতেই এবার FIR দায়ের হয়েছে পবিত্র-সহ মোট চার জনের বিরুদ্ধে। এদিকে ভোটের আবহে গ্রেফতারের আশঙ্কা করে পবিত্র কর তাই রক্ষাকবচ চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন গত সপ্তাহে। আর সেই মামলা দায়েরের অনুমতি দিয়েছিলেন বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে বড় জয় পেলেন পবিত্র।

বড় রায় দিল হাইকোর্ট

পবিত্র কর FIR এর বিরুদ্ধে গত ১০ এপ্রিল আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেখানে তিনি দাবি করেন যে, নির্বাচনের মুখে তাঁকে হেনস্থা ও রাজনৈতিকভাবে কোণঠাসা করতেই এই মিথ্যে মামলা করা হয়েছে। তাই আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে পবিত্র করের মামলা উঠলে বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, জামিন অযোগ্য ধারায় দায়ের হওয়া মামলায় আপাতত নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের বিরুদ্ধে কোন পদক্ষেপ করতে পারবে না নন্দীগ্রাম থানার পুলিশ। তবে পুলিশ চাইলে তদন্ত চালিয়ে যেতে পারবে। রাজনৈতিক মহলের মতে আদালতের এই রায় পবিত্র করের নির্বাচনী লড়াইয়ে বাড়তি অক্সিজেন জুগিয়েছে।

আরও পড়ুন: ‘ধর্মের ভিত্তিতে মুসলিমদের সংরক্ষণ নয়’ সংসদে স্পষ্ট জানালেন অমিত শাহ

প্রসঙ্গত, পবিত্র কর একসময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ অনুগামী হিসেবে পরিচিত ছিলেন। তাইতো একুশের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দুর হাত ধরেই বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু গত ১৭ মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ফের তৃণমূলে চলে আসেন পবিত্র কর। এদিকে নির্বাচনে খেলা খেলতে তৃণমূল নন্দীগ্রামে ‘কাঁটা দিয়ে কাঁটা’ তুলতে একদা শুভেন্দু-ঘনিষ্ঠ পবিত্র করকেই প্রার্থী করেছে তৃণমূল। এখন দেখার শুভেন্দু অধিকারী এবং পবিত্র করের ভোটের লড়াইয়ে কে এগিয়ে থাকে।