নির্বাচনী প্রচারে অমিত শাহকে কটাক্ষ, চরম উস্কানি! অভিষেকের বিরুদ্ধে FIR দায়ের

Published:

FIR Filed Against Abhishek

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে প্রশাসনিক পালাবদল হতেই এবার FIR দায়ের হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (FIR Filed Against Abhishek) বিরুদ্ধে। জানা গিয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অভিযোগের ভিত্তিতে FIR রুজু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ (Cyber Cell Of Bidhannagar Police)। আসলে ছাব্বিশের বিধানসভা ভোটের প্রচার চলাকালীন প্রায় প্রতি সভা থেকেই বিজেপির বিরুদ্ধে লাগাতার কড়া ভাষায় আক্রমণ শানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধেও করেছিলেন কুরুচিকর মন্তব্য ও হুমকিও দিয়েছিলেন। আর সেই কারণে এবার জামিন অযোগ্য বেশ কয়েকটি ধারায় মামলা উঠল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে।

৫ টি ধারায় FIR দায়ের

রিপোর্ট অনুযায়ী, গত ৫ মে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছিলেন রাজীব সরকার। তিনি জানিয়েছিলেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দেওয়ার পাশাপাশি একাধিক জায়গায় উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন। আর সেই অভিযোগের ভিত্তিতে গতকাল, শুক্রবার বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে ৫ টি ধারায় FIR দায়ের করে। জানা গিয়েছে, এর মধ্যে তিনটি বিএনএস ১৯২, বিএনএস ১৯৬(জামিন অযোগ্য), বিএনএস ৩৫১/২(জামিন অযোগ্য) ধারা রয়েছে। এছাড়াও রিপ্রেজেটিয়ন অফ পাবলিক এক্ট এর দুটি ধারা প্রয়োগ করা হয়েছে।

উস্কানি মূলক মন্তব্য অভিষেকের

জানা গিয়েছে, গত ২৭ এপ্রিল এক নির্বাচনী জনসভায় বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসমক্ষে বলেছিলেন যে, ‘‘আমি দেখব, ৪ তারিখ রাত ১২টার পরে কে তাদের বাঁচাতে আসে। এই জল্লাদদের কত ক্ষমতা আছে, আর দিল্লি থেকে কোন বাবা তাদের উদ্ধার করতে আসে, সেটাও দেখব।” আর এই মন্তব্যের বিরোধিতা করেই পুলিশের দ্বারস্থ হয়েছিলেন বাগুইআটির বাসিন্দা রাজীব সরকার। অভিযোগের সপক্ষে তৃণমূল নেতার বিভিন্ন সভার বক্তব্যের ক্লিপিংসও থানায় জমা দিয়েছেন রাজীব। সম্ভবত, রাজ্য পুলিশের তরফে এটাই প্রথম অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: মোদীর প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টাই হতে পারেন বাংলার অর্থমন্ত্রী, কে এই সঞ্জীব সান্যাল?

প্রসঙ্গত, FIR দায়ের নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের তরফে। এদিকে কিছুদিন আগেই প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে পুরনিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED। সূত্রের খবর, পুরনিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে দক্ষিণ দমদম পুরসভায় বেআইনি ভাবে চাকরিপ্রাপকদের নাম সুপারিশ করার ঘটনায় তাঁকে তলব করা হয়েছিল। অন্যদিকে গতকাল, পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে গিয়েছিলেন রথীন ঘোষ। সেখানেও তাঁকে প্রায় ১০ ঘণ্টা ধরে টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।