প্রীতি পোদ্দার, কলকাতা: বঙ্গ রাজনীতিতে প্রথম বার সরকার গড়তে চলেছে বিজেপি (Bharatiya Janata Party)। আগামীকাল, ৯ মে, ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ইভেন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির একঝাঁক হেভিওয়েট কেন্দ্রীয় নেতা-মন্ত্রীরা উপস্থিত থাকবেন। স্বাভাবিকভাবেই সরগরম পরিস্থিতি চারিদিকে। আর এবার সেই সভায় উপস্থিত থাকতে চলেছেন আউশগ্রাম (Ausgram) বিধানসভা কেন্দ্র থেকে জয়ী বিজেপি প্রার্থী কলিতা মাজি (Kalita Maji)। পরিচারিকা থেকে বিধায়ক হওয়ার সফরে শপথ নেওয়ার জন্য পড়বেন মালিকের দেওয়া শাড়ি।
গৃহপরিচারিকা থেকে বিধায়ক কলিতা মাজি
দৈনন্দিন জীবনে কলিতা মাজি দারিদ্র্যকে দেখেছেন খুব কাছ থেকেই। স্বামী কলের মিস্ত্রি এবং দুই সন্তানকে নিয়ে চার জনের টানাটানির সংসার চলছিল। শেষে বাড়তি কিছু রোজগারের জন্য বাধ্য হয়ে এলাকায় বেশ কয়েকটি বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। মাসে মাসে মিলত ২৫০০ টাকা। দিনের পর দিন সংসার চালাতে হিমশিম খেলেও মানুষের পাশে দাঁড়ানো তাঁর ইচ্ছে ছিল। আর সেই সূত্রেই তিনি যোগ দিয়েছিলেন রাজনীতিতে। ২০২১ সালে তাঁকে প্রথম বার বিধানসভা ভোটে প্রার্থী করে বিজেপি। কিন্তু সে বার কলিতা ১১ হাজার ৮১৫ ভোটে পরাজিত হয়েছিলেন তৃণমূল প্রার্থীর কাছে।
আউশগ্রামবাসীর মন জিতলেন কলিতা
ভোটে হারলেও মনোবল হারাননি কলিতা মাজি। গত পাঁচ বছর দলের সংগঠনের সঙ্গে যুক্ত থেকে, বিপদে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। আর সেই কারণে ২৬ এর বিধানসভা নির্বাচনে বিজেপি আবার তাঁকে টিকিট দেয়। আর এবার তৃণমূল প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহারকে ১২ হাজার ৫৩৫ ভোটে পরাজিত করেছেন তিনি। খুব খুশি স্থানীয় বাসিন্দারা। ভোটের ফলাফল রাতারাতি বদলে দিয়েছে তাঁর ভাগ্য। আজ সে পরিচারিকা থেকে হয় উঠেছে পূর্ব বর্ধমানের আউসগ্রামের নবনির্বাচিত বিধায়ক। এখন যাঁদের বাড়ি তিনি এতদিন কাজ করে এসেছিলেন, তাঁরাই হয়তো তাঁর দরজায় আসবেন, বাড়িয়ে দেবেন নিজেদের আর্জি লেখা কাগজ।
মালিকের দেওয়া শাড়ি পড়েই শপথ গ্রহণ
বিজেপি প্রার্থী কলিতা মাজি জানিয়েছেন, “২০১৪ সাল থেকে বুথের কর্মী হিসাবে কাজ করে এসেছি ৷ মানুষের অনেক অত্যাচার, অসম্মান সহ্য করেছি ৷ আমি চাই এলাকায় শান্তি ফিরুক ৷ কোনও অশান্তি যেন না হয় ৷ সাধারণ মানুষ যেন সম্মান নিয়ে বাঁচতে পারেন ৷” জানা গিয়েছে, আগামীকাল ব্রিগেডে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী-সহ আরও সব রথী-মহারথীদের উপস্থিতিতে শপথ নেবে বিজেপির নয়া মন্ত্রিসভা। আর সেখানেই ডাক পেয়েছেন কলিতা। আর সেখানেই তিনি মালিকের বাড়ি থেকে দেওয়া শাড়ি পরে বিধায়কের শপথ নিতে যাবেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: মে মাসে আরও ২% DA বাড়ল সরকারি কর্মীদের, কারা উপকৃত হবেন?
স্থানীয়রা বলছেন, কলিতার জীবনের প্রতিটা দিন ছিল সংগ্রামের৷ সেই লড়াই কখনও থামেনি ৷ গৃহপরিচারিকার কাজ থেকে বিধায়ক হয়ে ওঠার এই পথচলা তাই অনেকের কাছেই রূপকথার মতো৷ অন্যদিকে কলিতার জয় নিয়ে বিজেপি বলছে, বাংলার রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে এই উত্থান তাদের রাজনীতির প্রতীক স্বরূপ। নিচুতলার মানুষের স্বপ্নপূরণ,পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তিরও যে জয় হয়, তা আজ প্রমাণ করে দিলেন কলিতা মাজি।










