জ্ঞানেশ কুমারের নিয়োগসহ ECI-র দুর্নীতি! সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি মমতা তৃণমূলের

Published:

Mamata Trinamool

সৌভিক মুখার্জী, কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল গোটা দেশ। ককরোচদের আন্দোলনের সঙ্গে জোট বেঁধেছে কংগ্রেস, সিপিআইএম, তৃণমূলসহ একাধিক বিরোধী দল। এমনকি আগামী ১ নভেম্বর ফের দিল্লিতে নয়া কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এদিকে মুখ্য নির্বাচন কমিশনারের নিয়োগ এবং তাঁর আমলে নির্বাচন কমিশনের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে মমতার তৃণমূল শিবির (Mamata Trinamool)। সেই মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হল কালীঘাটের তরফ থেকে।

মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে তৃণমূলের মামলা

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর চাপিয়ে লক্ষ লক্ষ বৈধ ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলেই অভিযোগ বিরোধী শিবিরগুলির। এমনকি সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসে একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে দাবি করা হয় যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বাকি দুই ইসিআই সদস্য সুখবীর সিং এবং বিবেক জোশির মতামত ছাড়াই একাধিক সিদ্ধান্ত নেন। পাশাপাশি পশ্চিমবঙ্গে এখনও বহু ভোটারের নাম বিবেচনাধীন রয়েছে। ভোট চুরি করেই কার্যত বিজেপি ক্ষমতায় এসেছে বলে অভিযোগ বিরোধী শিবিরগুলির।

জানা যায়, নির্বাচন কমিশনের নিয়োগ আইন সংশোধন করার পর মুখ্য নির্বাচন কমিশনার পদে বসেছিলেন জ্ঞানেশ কুমার। তাঁর নিয়োগের ক্ষেত্রে রয়েছে একাধিক অনিয়ম। সেই দাবি তুলেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মমতা তৃণমূল। সোমবার এই মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়ে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন মমতাপন্থী আইনজীবী মেনকা গুরুস্বামী।

আরও পড়ুন: হয়ে যাবে একটা ফ্ল্যাট! সিজেপির নেতা সৌরভ দাসের বাড়ি ভাড়া কত জানলে চমকে যাবেন

এদিকে মমতা তৃণমূলের সাংসদ দোলা সেন জ্ঞানেশের সিদ্ধান্তগুলিকে চ্যালেঞ্জ করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন। সেই মামলায় বাকি দুই কমিশনারকেও যুক্ত করা হয়। তবে সোমবার আইনজীবী মেনকা জানান যে এই মামলায় নির্বাচন কমিশনারের কাজকর্ম, তাঁর নিয়োগ এবং সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি বাংলার এসআইআর সংক্রান্ত আরও একটি পৃথক মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। চলতি সপ্তাহে সেই মামলার শুনানি হতে পারে। তবে যেহেতু তার মধ্যে জ্ঞানেশ সংক্রান্ত মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে, তাই আদালতের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে এসআইআর মামলার সঙ্গেই মমতা তৃণমূলের এই আবেদন জুড়ে একসঙ্গে শুনানি হবে।

google button