বিক্রম ব্যানার্জী, কলকাতা: নেপাল প্রিমিয়ার লিগে (Nepal) অংশগ্রহণ করার আগেই বিপাকে পড়েছেন পাকিস্তানের (Pakistan) খেলোয়াড়রা। টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য যে অনাপত্তি পত্র বা NOC প্রয়োজন সেটাই দিচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড! সবচেয়ে অবাক করা বিষয়, যেসব প্লেয়াররা ইতিমধ্যেই নেপালের বিশেষ ক্রিকেট লিগে অংশগ্রহণের জন্য NOC পেয়ে গিয়েছেন, তাঁদের জানানো হয়েছে যেসব NOC দেওয়া হয়েছিল সেগুলো আপাতত সাময়িকভাবে স্থগিত করে দেওয়া হয়েছে। যার জেরে টুর্নামেন্টে অংশগ্রহণের আগে চাপে পড়ে গিয়েছেন তাঁরা।
প্লেয়ারদের NOC দিচ্ছে না পাকিস্তান
ESPN ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, নেপাল প্রিমিয়ার লিগের সাথে যুক্ত কয়েকজন ব্যক্তি জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের দেশের প্লেয়ারদের নেপালের ক্রিকেট লিগে অংশগ্রহণের জন্য অনাপত্তি পত্র দিচ্ছে না। এও জানা গিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে NOC দেওয়ার জন্য প্রত্যেক পাকিস্তানি খেলোয়াড়ের কাছ থেকে 25,000 মার্কিন ডলার করে ফি দাবি করা হয়েছে। যা দিতে না পারলে NOC পাবেন না তাঁরা। যদিও এ নিয়ে পাক বোর্ডের তরফে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।
বলাই বাহুল্য, নেপাল প্রিমিয়ার লিগ আজ অর্থাৎ 26 অক্টোবর থেকে শুরু হয়ে চলবে নভেম্বর মাসের 21 তারিখ পর্যন্ত। 8 দলের এই টুর্নামেন্টের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। সূত্রের যা খবর, টুর্নামেন্টটিতে অংশ নিতে ইতিমধ্যেই কাঠমান্ডুতে পৌঁছে গিয়েছেন পাকিস্তানের কয়েকজন ক্রিকেটার। তাঁদের কাছে আগে থেকেই NOC রয়েছে! তবে শোনা যাচ্ছে, আগে দেওয়া অনাপত্তি পত্রের উপরেও স্থগিতাদেশ জারি করেছে PCB! এখন দেখার শেষ পর্যন্ত পাক খেলোয়াড়রা নেপালের ক্রিকেট লিগে অংশ নিতে পারেন কিনা।
আরও পড়ুন: দুর্ঘটনার শিকার রাহুল গান্ধীর কনভয়, আহত একাধিক! কেমন আছেন কংগ্রেস সাংসদ?
উল্লেখ্য, বিতর্কের মাঝেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন কেন্দ্রীয় চুক্তির খবর সামনে এসেছে। এবছর ক্রিকেট বোর্ড সাদা এবং লাল বলের ক্রিকেটে আলাদা আলাদাভাবে কেন্দ্রীয় চুক্তির কাঠামোর কথা ঘোষণা করেছে। তাছাড়াও এই মুহূর্তে ক্রিকেটের কোনও সংস্করণেই ভাল ছন্দে নেই পাকিস্তান। ফলে ক্রিকেট বিশ্বে নিজেদের মান সম্মান বাঁচাতে কৌশলে একাধিক বদল আনছে পশ্চিমের দেশ।










