“আমি পড়াশোনা জানি না বলে… কমিটি আমাকে মিসগাইড, অপমান করে” বিস্ফোরক রেখা পাত্র

Published:

Rekha Patra

সৌভিক মুখার্জী, কলকাতা: বিতর্ক যেন কোনও কিছুতেই পিছু ছাড়ছে না হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রকে (Rekha Patra)। সম্প্রতি গ্রামবাসী এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পর্যন্ত করতে দেখা যায় তাঁকে। যদিও পরে তিনি এই ইস্যু নিয়ে ক্ষমা চেয়েছেন। তবে এবার সংবাদমাধ্যমের সামনে দলীয় কর্মীদের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ তুললেন তিনি। রেখা পাত্র জানান, তিনি পড়াশোনা জানেন না বলে দলীয় কর্মীরা তাঁকে মিস গাইড পর্যন্ত করছেন।

দলীয় কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রেখা পাত্রের

মিডিয়ার সামনে এদিন রেখা বলেন, “আমি পড়াশোনা জানি না বলে সবসময় আমাদের সাংগঠনিক জেলার টোটাল কমিটি আমাকে মিস গাইড করেন। জেলাতেই নতুন চারজনকে কাকে কাকে নতুন করে সম্মান জানিয়েছেন, তাদেরকে যোগদান করিয়েছেন, আমি সেটাও জানি না। আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, জেলা থেকে আমাকে মিস গাইড করা হয়। ওই জন্য জেলার কোনও প্রোগ্রামে আমি যাই না। আমি বিধানসভায় থেকে কাজ করি। এটা আমার দল। আমি এতদিন বলিনি। তবে আমার দলের কাছে যেন এই কথাটা পৌঁছয়, এবং আমার দল যেন ঠিকঠাক বিচার করে।”

রেখা আরও বলেন, “সবসময় কর্মীরা আমাকে মিস গাইড করেন। সব সময় আমাকে অপমান করেন। আমাকে প্রোগ্রামে ডাকার পরে আমাকে অপমানিত করেন। এগুলো আমার পছন্দ হয় না বলে আমি যাই না। আমাদের মন্ডল স্তরে, বুথ স্তরের কর্মীরা কী করল, তার জন্য কিন্তু দল থেমে থাকে না। দল কিন্তু দলের জায়গায় ঠিক দাঁড়িয়ে আছে। আমাদের ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি সরকার আরও উচ্চ জায়গায় যাবে। আপনারা বুঝতে পারছেন, আমাদের বিজেপি সরকার আসার পর মানুষের জন্য কীভাবে কাজ করে চলেছে। এক সেকেন্ড সময় দেয়নি। সরকার আসার সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিয়েছে।”

আরও পড়ুন: দুর্গাপুজোর আগেই বাড়ছে মদের দাম, ১ অক্টোবর থেকে কার্যকর নয়া রেট

প্রসঙ্গত, দিন কয়েক আগেই সন্দেশখালিতে শরিকি বিবাদে মারধরের অভিযোগ উঠেছ বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে। এমনকি গায়ের জোরে ক্ষমতাবলে পুলিশকে সামনে রেখে একটি কৃষক পরিবারকে জমি থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে পুলিশের গায়ে হাত তোলার ঘটনায় ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করে ক্ষমা চেয়েছেন রেখা।