প্রীতি পোদ্দার, কলকাতা: আর পরিকল্পনা বাতিলের সম্ভাবনা নেই, কারণ আজই দিল্লিতে (Delhi) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে বৈঠকে বসতে চলেছেন এনসিপিআই (NCPI) সাংসদরা। জানা গিয়েছে, দিল্লির বঙ্গভবনে এই গুরুত্বপূর্ণ বৈঠক হবে। সোমবার সংবাদংস্থা পিটিআই-কে বৈঠকের কথা জানিয়েছিলেন এনসিপিআই-এর সংসদীয় দলনেতা তথা উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল ওই বৈঠকের পরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বৈঠক হওয়ার কথা রয়েছে।
বঙ্গ ভবনে আজই হবে বৈঠক
গত মাসে তৃণমূলের সংসদীয় দলে যখন ভাঙনের পর্ব চলছিল, তখন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়ির একটি বৈঠকে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু NCPI-তে সুদীপ, শতাব্দী, দেব, ইউসুফ পাঠানেরা যোগ দেওয়ার পর এবং এনডিএ-এর শরিক হওয়ার পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাদা করে কোনো বৈঠক হয়নি। আজ, মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে সেই বৈঠক হতে চলেছে। এছাড়াও বঙ্গ ভবনের এই বৈঠকে যোগ দিতে পারেন শুখেন্দুশেখর রায়, প্রকাশ চিক বরাইক, সুস্মিতা দেবও। তবে চূড়ান্তভাবে কিছু জানা যায়নি। ওই বৈঠকের পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
কী বলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়?
গতকাল, সোমবার জনপ্রিয় সংবাদংস্থা পিটিআই-কে বৈঠকের কথা জানিয়ে ছিলেন এনসিপিআই-এর সংসদীয় দলনেতা তথা উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন আজকের বৈঠকে মূলত সাংসদেরা তাঁদের সংসদীয় এলাকায় কী ভাবে রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন, উন্নয়নের গতি কী ভাবে ত্বরান্বিত করা যাবে, এই ব্যাপারেই পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করা হবে। এছাড়াও বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছে NCPI সাংসদদের মধ্যে অনেকে নিজের নির্বাচনী এলাকায় ঢুকতে পারছেন না! সেইসব বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হবে বলেও খবর।
আরও পড়ুন: অভিষেকের সেবাশ্রয়ের সঙ্গে কেরল লবির যোগ! প্রমাণ জমা দেওয়ার জন্য দিল্লি যাবেন ঋতব্রত
প্রসঙ্গত, সংসদে বাদল অধিবেশনের শুরুতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দিল্লিতে এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়দের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বিশেষ কাজ থাকায় বৈঠক বাতিল হয়ে গিয়েছিল। তবে বেশ কয়েকজন সাংসদদের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ করেছিলেন। এছাড়াও সুদীপ এবং কাকলি ঘোষ দস্তিদার পৃথক ভাবে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এসেছিলেন। এখন দেখার এনসিপিআই সাংসদের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়? তাঁরা কি শুরু থেকে শেষ পর্যন্ত NCPI-তেই থেকে যাবেন? নাকি আগামী দিনে বিজেপিতে যোগ দেবেন?










