ত্বক পরিষ্কার রাখতে বাড়িতেই বানান নিমের সাবান, রইল সহজ ঘরোয়া পদ্ধতি

Published:

Homemade Neem Soap

আনিষা চৌধুরী, কলকাতা: নিমের পাতা ত্বকের যত্নে বহু যুগ ধরেই ব্যবহার হয়ে আসছে। নিমে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান ত্বক পরিষ্কার রাখতে পাশাপাশি বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা পেতে সাহায্য করে। বাজারে যে সমস্ত নিমের তৈরি সাবান (Neem Soap) পাওয়া যায়, তাতে এমন অনেক উপকরণ থাকে যা অনেক সময় নিম পাতার বিশুদ্ধতা কমিয়ে দেয়। তাই বাজার থেকে সাবান কেনার বদলে চাইলে বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারেন নিমের সাবান। এই সাবান ব্যবহার করে ব্রণ বা পিম্পল হওয়ার প্রবণতাও কিছুটা কমানো যেতে পারে। পাশাপাশি ত্বককে সতেজ ও নরম রাখতে এটি অত্যন্ত সহায়ক।

সাবান তৈরির উপকরণ

এই সাবান তৈরি করতে প্রয়োজন ২৫০ গ্রাম গ্লিসারিন সোপ বেস, ২৫ থেকে ৩০টি নিমপাতা, আধ চা-চামচ হলুদ গুঁড়ো, ২ থেকে ৩টি ভিটামিন ই ক্যাপসুল এবং ৪ ফোঁটা নিম এসেনশিয়াল অয়েল। উপকরণগুলি হাতের কাছে থাকলে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই ঘরোয়া সাবান।

কীভাবে তৈরি করবেন?

প্রথমে নিমপাতাগুলি ভালো করে ধুয়ে সম্পূর্ণ শুকিয়ে নিন। এরপর কোনও জল না দিয়ে মিক্সারে পিষে নিন। এবার এর সঙ্গে হলুদ গুঁড়ো, ভিটামিন ই ক্যাপসুলের ভিতরের তেল এবং নিম এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। অন্যদিকে গ্লিসারিন সোপ বেস ছোট টুকরো করে মাইক্রোওয়েভ বা ডাবল বয়লারে গলিয়ে নিন। পুরোপুরি গলে গেলে তার মধ্যে নিমের মিশ্রণটি দিয়ে ভালোভাবে নাড়ুন। সবকিছু মিশে গেলে সাবানের ছাঁচে ঢেলে ১২ থেকে ২৪ ঘণ্টা রেখে দিন। সাবান শক্ত হয়ে গেলে ছাঁচ থেকে বের করে নিন। তাহলেই ব্যবহারের জন্য একেবারে তৈরি এই ঘরোয়া নিমের সাবান।

আরও পড়ুন: ভারতের হয়ে রুপো জিতেও শান্তি নেই, যৌন হেনস্থার শিকার বাংলার মেয়ে কেয়া ব্যানার্জী

ব্যবহারের আগে যা মনে রাখবেন

প্রথমবার ব্যবহারের আগে হাত বা পায়ের ছোট অংশে সামান্য সাবান লাগিয়ে প্যাচ টেস্ট করে নিন। কোনও ধরনের জ্বালা, চুলকানি বা অস্বস্তি হলে ব্যবহার থেকে বিরত থাকুন। ত্বকের যত্নে নতুন কিছু যোগ করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো।