প্রীতি পোদ্দার, কলকাতা: বাঙালি যে মাছ (Fish) পাগল তাতে কোনো সন্দেহ নেই, তার উপর আবার পাতুরিপ্রেমীও বটে। নিরামিষ হোক বা আমিষ, পাতুরির টান রয়েছে দুই জায়গাতেই। আমিষের ক্ষেত্রে ভেটকি মাছের পাতুরি তো বাঙালির অন্যতম প্রিয় পদ (Recipe)। তাইতো বিয়েবাড়ি থেকে শুরু করে অনুষ্ঠান বাড়ি সব জায়গাতেই এই পদ থাকবেই। তবে এই ভেটকি মাছ দিয়ে আরও এক ধরনের ভিন্ন রেসিপি তৈরি করা যায়, সেটি হল গন্ধরাজ বেকড ভেটকি (Gandharaj Baked Vetki)। কীভাবে বানাবেন? চলুন বিস্তারিত জেনে নিন।
উপকরণ
গন্ধরাজ বেকড ভেটকি বানানোর জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল- ভেটকি মাছ, নুন, গোলমরিচ গুঁড়ো, গন্ধরাজ লেবু, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, ফ্রেশ ক্রিম, সাদা তেল, মাখন, ময়দা, দুধ, চিজ, অরিগ্যানো, রসুন কুচি, চিলি ফ্লেক্স,
রান্নার পদ্ধতি
গন্ধরাজ বেকড ভেটকি বানানো খুব একটা কঠিন কাজ নয়, কারণ এটা খুব অল্প উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে নেওয়া যায়। চলুন এবার দেখে নেওয়া যাক কীভাবে এই ইউনিক রেসিপিটি বানানো যায়।
- প্রথমে বাজার থেকে আনা ভেটকি মাছের ফিলে গুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার সেগুলিকে সামান্য নুন, গোলমরিচ গুঁড়ো, গন্ধরাজ লেবুর রস এবং সামান্য গন্ধরাজ লেবু গ্রেড করে এর উপর দিয়ে দিতে হবে। ভালো ভাবে সবটা মাখিয়ে নিতে হবে।
- এবার মাখা সেই ভেটকি মাছ গুলোর মধ্যে পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে হবে আদা বাটা, রসুন বাটা এবং কাঁচা লঙ্কা বাটা। ভালো করে মেখে নিতে হবে এবং ৩০ মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে।
- অন্যদিকে কড়াইতে মাখন গরম করে ওর মধ্যে সামান্য ময়দা এবং রসুন কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, এরপর দুধ ঢেলে দেব, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর চিজ, অরিগ্যানো এবং চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে ফুটিয়ে নেব।
- মিশ্রণটা যখন ঘন হয়ে আসবে তারপর সেটিকে নামিয়ে নেব। এরপর বড় একটা মাইক্রো ওয়েভ বেসড ট্রে নিয়ে নিতে হবে এবং ওর মধ্যে বেকিং পেপার দিয়ে সামান্য ঘি দিয়ে ব্রাশ করে নিতে হবে।
আরও পড়ুন: জন্মাষ্টমীর ভোগে এইভাবেই বানিয়ে ফেলুন তালের লুচি এবং ক্ষীর, থাকবে না তেঁতো ভাব, রইল রেসিপি
- এবার পেপারের মধ্যে ম্যারিনেট করে রাখা ভেটকির ফিলে গুলো পর পর সাজিয়ে ওর মধ্যে হোয়াইট সস গুলো ওপর থেকে দিয়ে দিতে হবে। এরপর ওর মধ্যে গন্ধরাজ লেবুর স্লাইস গুলো এক এক করে দিয়ে দিতে হবে। ওপর থেকে চিলি ফ্লেক্স এবং সামান্য চিজ গ্রেড করে দিতে হবে।
- মাইক্রোওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৩০ মিনিটের জন্য এবার ভেটকি মাছের ফিলে গুলো বেকড করতে দিতে হবে। কারোর বাড়িতে যদি মাইক্রোওভেন না থাকে তাহলে গ্যাসেও করে নেওয়া যাবে। ব্যস, তাহলেই তৈরি গন্ধরাজ বেকড ভেটকি।










