প্রীতি পোদ্দার, কলকাতা: বাঙালির হেঁসেলে ঝাল, টক নানা স্বাদের যেমন বাহারি পদের হদিস পাওয়া যায়, ঠিক তেমনই মিষ্টির আইটেমও কিছু কম থাকে না। আর সেই মিষ্টি পদের মধ্যে অন্যতম হল রসমালাই (Rasamalai)। গরম গরম, নরম-স্পঞ্জি রসমালাই খাওয়ার মজাই অন্যরকম। কিন্তু অনেকেই এই রেসিপিটি বানাতে গিয়ে কিছু ভুল করে ফেলে। চলুন আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে সেই রেসিপিটি (Homemade Rasamalai) বিস্তারিত জেনে নেওয়া যাক।
উপকরণ
রসমালাই বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলি হল- দুধ, পাতিলেবু, চিনি, ময়দা, এলাচ, গুঁড়ো দুধ, কেশর।
রান্নার পদ্ধতি
রসমালাই সকলেরই বেশ পছন্দের। দুধে ডোবানো এই মিষ্টি তৈরি হয় ছানা দিয়ে। অনেকেই এই রসমালাই সাবুদানা দিয়ে বানায়, তবে আমরা আজকে এটি বানাবো ছানা দিয়ে। রইল সেই পদ্ধতি
- প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দুধ ঢেলে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে দুধটা ফুটিয়ে নিতে হবে। যখন দুধটা ফুলে উঠবে তখন পাতিলেবুর রসটা ছড়িয়ে দিতে হবে। দেখবেন মুহূর্তের মধ্যে দুধের জল কেটে যাবে। ওই অবস্থায় একবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে।
- এরপর কড়াই থেকে ছানাটা একটি পাত্রে ঢেলে নিতে হবে। মিশ্রণটা ঠান্ডা হয়ে এলে একটা শুকনো কাপড় বাটির উপর পেতে দিতে হবে। এবং ওর মধ্যে ছানাটা ঢেলে জল ঝরিয়ে নিতে হবে। ভালো করে কাপড় চিপে নিতে হবে যাতে ছানার মধ্যে একদমই জল না থাকে।
- একটি পাত্রে জল ঝরিয়ে রাখা ছানা, সামান্য ময়দা এবং গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে। এরপর সবটা ভালো করে মাখিয়ে নিতে হবে। অন্তত ৫-৬ মিনিট এইভাবে মাখতে হবে ছানাটা। তারপর ছোট ছোট গোল আকৃতির বল বানিয়ে নিতে হবে।
আরও পড়ুন: ফ্রিজে চিকেন থাকলে আজই বানিয়ে ফেলুন তাওয়া চিকেন, রইল সহজ রেসিপি
- এবার একটি কড়াইতে একবাটি চিনি এবং দুই বাটি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এর মধ্যে সামান্য কেশর এবং এলাচ ছড়িয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না চিনি পুরো গলে যাচ্ছে।
- এরপর চিনির রসের মধ্যে ছানার বলগুলো দিয়ে অন্তত ১০-১৫ মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। সেগুলিকে আলাদা পাত্রে তুলে নিতে হবে। অন্যদিকে আবার আলাদা কড়াইতে দুধ ফুটিয়ে নিতে হবে। তখন সেই রসমালাই গুলো দুধের মধ্যে ছেড়ে দিতে হবে এবং ৩-৪ মিনিট ফুটিয়ে নিতে হবে। ব্যস, তাহলেই তৈরি রসমালাই।










