প্রীতি পোদ্দার, কলকাতা: মাছ প্রিয় হলেও চিকেনের (Chicken) প্রতি বাঙালির এক টান রয়েছে। তাইতো বাড়িতে কিছু থাকুক আর না-ই থাকুক, ফ্রিজে চিকেন থাকবেই। কারণ বাইরের কাজের ব্যস্ততায় তাড়াহুড়োয় চটজলদি কিছু বানাতে হলে মুরগিই (Recipe) ভরসা। কিন্তু সব সময় মুরগির ঝাল ঝোল খেতে একদমই ভালো লাগেনা, তাই আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে তাওয়া চিকেনের (Tawa Chicken) এক দুর্দান্ত রেসিপি নিয়ে।
উপকরণ
তাওয়া চিকেন বানানোর জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল, চিকেন, নুন, হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, লেবুর রস, কাঁচা লঙ্কা, ভিনিগার, টক দই, আদা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ঘি, সাদা তেল।
রান্নার পদ্ধতি
- প্রথমে চিকেন গুলো ভালো করে ধুয়ে সেগুলিকে ছুরি দিয়ে কিছুটা চিরে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে পুরোপুরি চিকেনটা কেটে না যায়। এবার এই চিকেন গুলোর মধ্যে সামান্য নুন, হলুদ গুঁড়ো, আদা বাটা এবং রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে।
- চিকেনের মধ্যে শেষের দিকে দুই চামচ মত লেবুর রস ছড়িয়ে দিয়ে আরো একবার মেখে নিতে হবে। এবার ম্যারিনেট করে রাখা চিকেনগুলো অন্তত দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। এরপরেই ঝালের পরিমাণ অনুযায়ী কতগুলো কাঁচা লঙ্কা ভালো করে জল দিয়ে ধুয়ে সেগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে। এবার সেগুলিকে একটি পাত্রের মধ্যে তুলে নিয়ে ওর মধ্যে তিন চামচ মত ভিনিগার ছড়িয়ে দিতে হবে যাতে ঝাল ভাবটা অতটা কষ্টকর না হয়।
আরও পড়ুন: নিরামিষ নয়, এবার চিকেন দিয়েই বানান ধোকা, রইল রেসিপি
- এরপর একটা মশলার মিশ্রণ বানিয়ে নেওয়ার জন্য একটি পাত্রে চার বড় চামচের টক দই, আদা কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো এবং সামান্য হালকা গরম জল ঢেলে ভালো করে ফেটিয়ে নিতে হবে। মিশ্রণটা যাতে আরো বেশি মিহি হয় তার জন্য ব্লেন্ডারে একবার ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে।
- এবার একটি তাওয়ার মধ্যে সামান্য সর্ষের তেল বা সাদা তেল গরম করে ওর মধ্যে দুই চামচ ঘি ঢেলে দিতে হবে। ঘি-টা সম্পূর্ণ গলে গেলে ওর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এপিঠ ওপিঠ হালকা ভেজে নিতে হবে। একদম মাঝারি আঁচে ৭ থেকে ৮ মিনিট চিকেনগুলো ভেজে নিতে হবে।
- চিকেন গুলো ভাজার সময় হালকা লাল রং দেখা দিলে এবার ওর মধ্যে টক দইয়ের মিশ্রণটা ভালো করে মাখিয়ে দিতে হবে। পুনরায় তিন থেকে চার মিনিট এটাকে রান্না করে নিতে হবে। যতক্ষণ না চিকেন গুলোর মধ্যে জুসি ভাব আসবে ততক্ষণ কষাতে হবে। এরপর শেষের দিকে চিকেনটা নামানোর সময় কয়েক টুকরো পাতিলেবু ছড়িয়ে দিতে হবে। ব্যস তাহলেই তৈরি তাওয়া চিকেন।










