প্রীতি পোদ্দার, কলকাতা: বাঙালিদের হেঁসেলে চিংড়ি (Prawn) দিয়ে হরেক রকমের রেসিপি (Recipe) হয়ে থাকে। চিংড়ির পোলাও, চিংড়ির পকোড়া, চিংড়ির মালাইকারি…কত কী.. কিন্তু কখনও কি মনমোহিনী চিংড়ি কারি (Monmohini Chingri Curry) খেয়েছেন? খুব সামান্য উপকরণ দিয়েই সুস্বাদু এই পদটি চটজলদি বানিয়ে ফেলা যেতে পারে। স্বাদও হয় অসাধারণ। চলুন জেনে নেওয়া যাক রন্ধন প্রণালী।
উপকরণ
মনমোহিনী চিংড়ি কারি বানানোর জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল – ডাব, গলদা চিংড়ি, সাদা সর্ষে, পোস্ত কাঁচালঙ্কা, টক দই, নুন, হলুদ, শুকনো লঙ্কা বাটা, চিনি, সর্ষের তেল।
রান্নার পদ্ধতি
বাঙালিদের রেসিপির তালিকায় ডাব চিংড়ি আলাদাই ভূমিকা পালন করে। ডাবের জলের সঙ্গে চিংড়ির যে রসালো সমীকরণ তৈরি হয় তার স্বাদ যেন হয়ে ওঠে এক্কেবারে অমৃতের মত। কিন্তু ডাব চিংড়ি খেলেও অনেকেই আবার মনমোহিনী চিংড়ি কারি খায়নি, তাহলে আজকে সেই রেসিপিটি বানানো সম্পর্কে জেনে নেওয়া যাক।
- প্রথমে বাজার থেকে আনা গলদা চিংড়ি গুলোকে ভালো করে কেটে এবং ময়লা পরিষ্কার করে ভালো করে জল দিয়ে ধুয়ে সেগুলোকে নুন, টক দই এবং হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে।
- অন্যদিকে ব্লেন্ডারে সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নুন এবং সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে নুন দিয়ে ব্লেন্ড করা হচ্ছে তার কারণ যাতে সর্ষে বাটাটা তেতো না হয়ে যায়।
- অন্যদিকে একটি শাঁসযুক্ত ডাব কেটে জল এবং শাঁসটা আলাদা করে নিতে হবে। এবার আলাদা করে রাখা শাঁসটা ব্লেন্ডারে বেটে নিতে হবে। তার সঙ্গে ডাবের হল মিশিয়ে ওর মধ্যে নুন, হলুদ গুঁড়ো এবং সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে।
আরও পড়ুন: মাশরুম দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইলে মটর মাশরুম, রইল রেসিপি
- এরপর কড়াইতে সামান্য সর্ষের তেল গরম করে এবার ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে নিতে হবে এপিঠ ওপিঠ। ভুলেও বেশি কড়া করে ভেজে নেবেন না। মাছ ভাজা হয়ে গেলে এক এক করে মাছ অন্য একটি পাত্রে তুলে সেই একই কড়াইতে আরো একবার সামান্য সর্ষের তেল গরম করে তার মধ্যে টক দই, শুকনো লঙ্কা বাটা, নুন এবং চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে।
- মশলাটার থেকে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ সেটাকে কষিয়ে নিতে হবে। ৫ থেকে ৬ মিনিট পর যখন তেল বেরতে থাকবে তখন ওর মধ্যে হালকা ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে পুনরায় কষিয়ে নিতে হবে।
- ৩-৪ মিনিট পর মশলা যখন পুরোপুরি কষে যাবে তখন ডাবের জলের মিশ্রণটা ওর মধ্যে ঢেলে দিতে হবে। ১৫ মিনিট মতন অল্প আঁচে রান্নাটা ঢেকে দিয়ে ফোটাতে হবে। ব্যাস তাহলেই তৈরি মনোমোহিনী চিংড়ি কারি। গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে।










