প্রীতি পোদ্দার, কলকাতা: ছুটির দিনগুলিতে আমরা সকলেই কম বেশি ডায়েট ভুলে পছন্দের খাবার (Recipe) খেয়ে থাকি, যার মধ্যে অন্যতম হল লুচি। ছোলার ডাল, ঘুগনি কিংবা কষা মাংস দিয়ে খেতে জব্বেশ লাগে। শুধু কি লুচি, মন খারাপের মাঝে এক প্লেট মোমো মুখে হাসি এনে দিতে পারে অনায়াসে। তবে এসব বানাতে গেলে দরকার ময়দা (Maida), কিন্তু বাজারে যা ভেজাল মেশানো থাকে, তাতে স্বাদ যেন ফিকে হয়ে যায়। তাই আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে কিভাবে বাড়িতেই সহজ পদ্ধতিতে ময়দা (Homemade Maida) বানিয়ে নিতে পারবেন।
প্যাকেটজাত ময়দায় মেশানো থাকে ভেজাল
ময়দা দিয়ে হরেক রকমের পদ (Recipe) রান্না হয়ে থাকে, সে লুচি, পরোটা হোক কিংবা মোমো, এগরোল, লাড্ডু, সিঙ্গারা, এককথায় ময়দা রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এই ময়দা বাজার থেকে কিনতে গেলে ভয় লাগে, কারণ প্যাকেটজাত ময়দাকে সাদা এবং চকচকে করার জন্য প্রায়শই বেনজয়েল পারক্সাইড বা অ্যালোক্সানের মতো রাসায়নিক ব্যবহার করা হয়। আর সেই ময়দা দিয়ে বানানো খাবার খেলে অসুস্থ হয়ে ঘরে পরে থাকতে হয়। তাই এত ঝুঁকি না নিয়ে গমের আটা দিয়ে আপনিই নিজের বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন ময়দা। রইল পদ্ধতি –
কীভাবে বানাবেন ময়দা?
প্রথমে ২ কাপ গমের আটা একটি চালনির মধ্যে ঢেলে নিতে হবে। এরপর সেটি ভালো করে একবার চেলে নিতে হবে, যাতে এর মধ্যে মোটা তুষ না থাকে। এবার অবশিষ্ট এবং চেলে নেওয়া গুঁড়ো অংশটি পুনরায় ভালোভাবে ছেঁকে নিতে হবে। তাহলেই ময়দা তৈরি। এছাড়াও বাজারের মত একদম মিহি ময়দার দরকার হলে একটি পাত্রে সুতির এবং পরিষ্কার কাপড় পেতে ওর মধ্যে গমের আটা ঢেলে, ভালো করে কাপড় বেঁধে হাত দিয়ে ঘষতে থাকুন, দেখবেন ময়দা একেবারে মিহি হয় বেরোচ্ছে। এভাবেই সহজ পদ্ধতিতে ময়দা বের করে নিন।
আরও পড়ুন: দোকানের নয়, এবার গণপতিকে দিন নিজের হাতে বানানো সুস্বাদু মোদক, রইল রেসিপি
প্রসঙ্গত অতিরিক্ত ময়দার তৈরি খাবার খাওয়া একদমই স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। পুষ্টিবিদদের মতে, সাধারণ সুস্থ মানুষ দিনে সর্বোচ্চ ৫০-৬০ গ্রাম ময়দা খেতে পারেন। যা ২-৩টি ছোট লুচি বা ১টি মাঝারি পরোটা খেলেই ওই মাত্রা ছুঁয়ে ফেলবে। তবে যদি ওজন কমাতে চান তাহলে সপ্তাহে ১-২ দিন খাওয়া যেতে পারে। কিন্তু ডায়াবিটিসের সমস্যা থাকলে ময়দা থেকে দূরে থাকুন।










