দোকানের নয়, এবার গণপতিকে দিন নিজের হাতে বানানো সুস্বাদু মোদক, রইল রেসিপি

Published:

Modak

প্রীতি পোদ্দার, কলকাতা: রাত পোহালেই, আগামীকাল গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)। জায়গায় জায়গায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, অনেকের বাড়িতে ইতিমধ্যেই গণপতির মূর্তি (Ganesh) এসে গিয়েছে। পুজো প্রস্তুতির পাশাপাশি এদিন গণপতিকে যা ভোগ দেওয়া হবে তা নিয়ে চলছে জোর আলোচনা। তবে লিস্টে আর যাই থাকুক না কেন মোদক (Modak) থাকবেই। মনে করা হয়, মোদক না পেলে নাকি তুষ্ট হন না গণপতি। কিন্তু মিষ্টির দোকানে অনেক লম্বা লাইন, তাতে কি? মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আপনিও বানিয়ে নিতে পারবেন সুস্বাদু মোদক। রইল রেসিপি।

উপকরণ

মোদক বানানোর জন্য যে যে উপকরণ গুলো দরকার সেগুলি হল – ঘি, আটা, নারকেল কোরা, পেস্তা কুচি, কাঠবাদাম কুচি, আখরোট কুচি, কিসমিস কুচি, গুঁড়, ১ কাপ দুধ, কেশর।

রান্নার পদ্ধতি

গণেশ আসবেন আর বাড়িতে মোদক আসবে না, তা হলে কি করে হয়? তাই মোদকপ্রিয়ের ভোগে মোদক তো দিতেই হবে। কারণ গণেশ চতুর্থীর উৎসব যেন মোদক ছাড়া অসম্পূর্ণ। কিন্তু এবার সেই মোদক নিজেরাই বাড়িতে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারবেন। চলুন একনজরে জেনে নেওয়া যাক রান্নার সম্পূর্ণ পদ্ধতি বিস্তারিত।

  • প্রথমে একটি ফ্লাইং প্যানে ২ বড় চামচ ঘি গরম করে নিতে হবে। এরপর তার মধ্যে ৫৬ চামচ আটার গুড়ো দিতে হবে। যতক্ষণ না আটার কাঁচা ভাবটা কমে যাচ্ছে এবং আটার রং হালকা খয়েরি রং হচ্ছে ততক্ষণ এটাকে নাড়াচাড়া দিয়ে যেতে হবে। এখানে চাইলে আটার বদলে ময়দাও ব্যবহার করা যেতে পারে।
  • ভালো করে ঘি এর সাথে আটা মাখানোর পর এর মধ্যে দিয়ে দিতে হবে নারকেল কোরা। কম আঁচে বসিয়ে পুনরায় সবটা নাড়াচাড়া করে নিতে হবে। অন্যদিকে পেস্তা, কাঠবাদাম, আখরোট, কিসমিস এগুলো কুচিকুচি করে কেটে নিতে হবে।
  • নারকেল কোরাটা যখন আটার সঙ্গে ভালো করে মিশে যাবে তখন এর মধ্যে কেটে রাখা ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিতে হবে। দেখবেন হালকা নাড়াচাড়া করার পরেই একটা মিষ্টি সুগন্ধ বেরিয়ে আসবে।

আরও পড়ুন: বাজারে ভেজাল ভর্তি! এভাবে বাড়িতেই বানান সুজি, থাকবে মাসের পর মাস

  • আঠালো ভাবটা আনার জন্য এবং মিষ্টির স্বাদ ঠিক করার জন্য দিয়ে দিতে হবে গুড়। এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় গুঁড়গুলো যদি গ্রেড করে ওর ওপর ছড়িয়ে দেওয়া যায়, তাহলে খুব সহজেই আটার মিশ্রণের সঙ্গে মিশে যাবে।
  • গুড়ের বদলে এখানে চিনির গুড়ো ব্যবহার করতে পারেন। কিন্তু ভুলেও এখানে গোটা চিনি দেবেন না, এতে চিনি জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং মোদকের স্বাদ একদম তেঁতো হয়ে যায়। ভালো করে গুড়ের মিশ্রণ মাখানোর পর দিয়ে দিতে হবে দুধ।
  • অল্প অল্প করে দুধ ঢালতে হবে যাতে মিশ্রণটা খানিক আঠালো থাকে। অল্প আঁচে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে ৫-৬ মিনিট নাড়াচাড়া করার পর ছোট প্লাস্টিকের মোদকের খাপ নিয়ে ওর মধ্যে পুর ঢুকিয়ে খানিক কেশর ছড়িয়ে নিলেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন ঘিয়ের মোদক।