অনন্যা সরকার, কলকাতা: ৫২ বছর বছর আজ, সোমবার সন্ধ্যায় সংঘটিত হতে চলেছে এক বিশেষ শক্তিশালী যোগ। অজা একাদশীর (Aja Ekadashi) পবিত্র দিন এই যোগটি পড়ার মুহূর্তে যদি ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত পবিত্র ও মহাশক্তিশালী দ্বাদশাক্ষর মন্ত্রটি জপ করেন তাহলে পূর্ণ হবে সমস্ত মনস্কামনা। এক বিশিষ্ট জ্যোতিষবিদ জানাচ্ছেন এই বিশেষ যোগের ক্ষণ ও করণীয় কাজগুলি। আসুন বিশদে জেনে নেওয়া যাক।
বিশেষ যোগে পূরণ হবে মনের সকল ইচ্ছা
আজ, ৭ সেপ্টেম্বর অজা একাদশী। হিন্দু পঞ্জিকা অনুসারে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে অজা একাদশী বলা হয়। এই পবিত্র তিথিটিতে ভগবান বিষ্ণুর পূজা ও উপবাস পালিত হয়। একাদশী পড়েছে গতকাল, ৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭:২৯ মিনিটে। তবে এবারের অজা একাদশীকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে একটি বিশেষ যোগ, যা আজ সন্ধ্যা ৭:১১ মিনিটে ৫২ বছর পর সংঘটিত হতে চলেছে।
এই বিশেষ যোগে নারায়ণের কৃপা ঝরে পড়বে ভক্তদের ওপর। সমাজ মাধ্যমে বিশিষ্ট জ্যোতিষ রাহুল দে জানিয়েছেন, যদি আজ ওই মাহেন্দ্রক্ষণে, অর্থাৎ, ৭:১১ মিনিটে পবিত্র দ্বাদশাক্ষরী মহাভক্তি মন্ত্র “ওঁ নমো ভগবতে বাসুদেবায়” ১১ বার জপ করা যায়, তাহলে শ্রী বিষ্ণুর আশীর্বাদে ভক্তদের মনের সকল মনস্কামনা পূর্ণ হবে।
আরও পড়ুন: সরকারি বিজ্ঞাপনে মা দুর্গার ১১টি হাত, রাজ্য সরকারকে তুলোধোনা তৃণমূল, CPIM-র
উল্লেখ্য, হিন্দু শাস্ত্রমতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি অজা একাদশী বা অন্নদা একাদশী নামে পরিচিত। এদিন ভগবান শ্রী বিষ্ণুর অন্যতম রূপ শ্রী ঋষিকেশের আরাধনা করা হয়। অজা একাদশী ব্রতপালন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই তিথি সব পাপ বিনাশ করে এবং পূর্ণ হয় ব্রত পালনকারীদের সমস্ত মনস্কামনা।
ব্রহ্মবৈবর্ত পুরাণে অজা একাদশীর ব্রতের মাহাত্ম্য বর্ণিত আছে। জানা যায়, সত্যবাদী রাজা হরিশচন্দ্র যখন চরম দুঃখ-কষ্ট ও বিপদের সম্মুখীন হন এবং তাঁর রাজ্য, স্ত্রী ও সন্তান সব হারিয়ে চণ্ডালদের দাস হয়ে পড়েন, তখন ঋষি গৌতমের পরামর্শে তিনি এই অজা একাদশীর ব্রত পালন করেছিলেন। এই ব্রতের শুভ প্রভাবে তাঁর সমস্ত সংকট দূর হয়। তিনি তাঁর হারানো রাজ্য ও পরিবার ফিরে পান এবং জীবনের অন্তিমকালে তিনি ও তাঁর পরিবার স্বর্গ লাভ করেন। তাই বলা হয় এই ব্রত নিষ্ঠাভরে পালন করলে পুন্যার্থীরা স্বর্গ লাভ করেন।










