PBKS-র রানা চেজ থেকে বৈভবের সেঞ্চুরি-৯৮৬ রান, এক দিনের IPL-এই একাধিক মহারেকর্ড

Published:

IPL Records In One Day See

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তৈরি হল একগুচ্ছ রেকর্ড (IPL Records In One Day)। এদিন শুরুটা হয়েছিল পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটলসের ম্যাচ দিয়ে। এরপর সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয় রাজস্থান বনাম সানরাইজার্স হায়দরাবাদে খেলা। এদিন এই দুই ম্যাচের হাত ধরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে তৈরি হয়েছে বড় রেকর্ড। সেই সাথে বৈভব সূর্যবংশীরা তো নিজেদের ব্যক্তিগত রেকর্ড বাড়িয়েছেন। ঠিক কী কী ঘটেছে গতকাল? চলুন এক নজরে দেখে নেওয়া যাক।

দিল্লি বনাম পাঞ্জাবের ম্যাচ

গতকাল দুপুর সাড়ে তিনটে থেকে শুরু হয়েছিল দিল্লি বনাম পাঞ্জাবের দুর্ধর্ষ ম্যাচ। এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে 264 রান তোলে দিল্লি ক্যাপিটালস। পরবর্তীতে লড়াই করে 265 রানের বিরাট লক্ষ্য পূরণ করে নেয় পাঞ্জাব কিংস। এর ফলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বড় লক্ষ্য তাড়া করে জেতার নজির গড়েছে PBKS। এর আগে, 2024 সালে এই পাঞ্জাবই কলকাতার বিপক্ষে 262 রান তাড়া করে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড গড়েছিল। সেটা এবার নিজেরাই ভাঙল PBKS। শুধু তাই নয়, এ দিনের ম্যাচে একার হাতে 152 রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন দিল্লির উইকেট কিপার ব্যাটসম্যান কে এল রাহুল। তাছাড়াও 11টি চার এবং 4টি ছক্কা হাঁকিয়ে 91 রানের বড় ইনিংস খেলেন নীতিশ রানাও।

বলাই বাহুল্য, এদিনের ম্যাচে অক্ষর প্যাটেলের ওভার চলাকালীন কঠিন ক্যাচ ধরতে গিয়ে মাথায় বাজেভাবে চোট পান দক্ষিণ আফ্রিকান পেসার লুঙ্গি এনগিডি। এর ফলে মাঠেই অজ্ঞান হয়ে গিয়েছিলেন খেলোয়াড়। যদিও জ্ঞান ফিরতেই তড়িঘড়ি তাঁকে ভর্তি করতে হয় হাসপাতালে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান ছিল, লুঙ্গির ঘাড়ের কাছে একটি হাড় খুব সম্ভবত ভেঙে গিয়েছে!

কামিন্সের প্রত্যাবর্তন থেকে বৈভবের শতরান ও 986 রানের নতুন রেকর্ড

একটা দীর্ঘ সময় অপেক্ষার পর গতকাল রাজস্থানের ম্যাচে হায়দরাবাদ দলে প্রত্যাবর্তন হয় অধিনায়ক প্যাট কামিন্সের। আর এ দিন দলে যোগ দিয়েই একটি উইকেট তুলেছিলেন এই অস্ট্রেলিয়ান তারকা। এখানেই শেষ নয়, এদিন রাজস্থানের হয়ে ব্যাট করতে নেমে মাত্র 37 বলে 103 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন বৈভব সূর্যবংশী। এ দিন একেবারে প্রথম ওভারেই টানা চারটি ছয় মারেন বৈভব। এরপর দ্বিতীয় ওভারে কামিন্সের মুখোমুখি হতেই প্রথম বলেই ছয় হাঁকান তিনি। সবচেয়ে বড় কথা এদিন মাত্র 15 বলে হাফ সেঞ্চুরি করেছিলেন বৈভব।

অবশ্যই পড়ুন: দ্বিতীয় দফার নির্বাচনের আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে প্রার্থী সহ শতাধিক নেতাকর্মী

মাত্র 15 বছর 29 দিন বয়সকে পুঁজি করে এদিন টি-টোয়েন্টি ক্রিকেটে 1000 রান পূর্ণ করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিরাট রেকর্ড করেছেন বৈভব। ভারতীয় ক্রিকেটারের বিধ্বংসী ব্যাটিং মন কেড়েছে সকলের। যদিও দুঃখের বিষয় এদিন বৈভবের সেঞ্চুরিতে জল ঢেলে দিয়ে জিতে গিয়েছিল হায়দরাবাদ। সবশেষে এদিন রাজস্থানের 229 রানের লক্ষ্য SRH তাড়া করে জয় তুলতেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে এক দিনে দুটি ম্যাচ মিলিয়ে 986 রান ওঠে। যা IPL এর ইতিহাসে সর্বোচ্চ।