বিক্রম ব্যানার্জী, কলকাতা: চরম দুর্দশার পরেও একটু একটু করে ঘুরে দাঁড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরু থেকে যে দলটা ক্রমাগত ব্যর্থ হয়ে এসেছে, তারাই বিগত চার ম্যাচের চারটিতেই জিতে ভক্তদের মনে ভরসা জোগাচ্ছে। আর ঠিক সেই মোক্ষম সময়ে KKR-কে বড় ঝটকা দিল অস্ট্রেলিয়া! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হলেই পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলবে অজিরা। আর সেই সিরিজের দলেই নেওয়া হয়েছে কলকাতার সবচেয়ে দামি খেলোয়াড় ক্যামেরন গ্রিনকে। এ থেকে বোঝাই যায়, অস্ট্রেলিয়া একপ্রকার ধরেই নিয়েছে KKR এ বছর প্লে অফে উঠতে পারছে না!
চাপে পড়ে গেল কলকাতা!
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে মিনি নিলাম থেকে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে কেনার জন্য চেন্নাইয়ের সাথে দীর্ঘ লড়াই করতে হয়েছে শাহরুখ খানের দলকে। তারপরেই 25 কোটি 20 লাখ টাকা দিয়ে এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে কিনেছে KKR। সবচেয়ে দামি খেলোয়াড় হওয়ার দরুণ এই প্লেয়ারের উপর অগাধ আস্থা ছিল কলকাতার। আজও যে নেই এমনটা বলা ভুল। এবার সেই প্লেয়ার পাকিস্তান সিরিজ খেলতে যাবেন জেনে বেশ চিন্তায় নাইট ম্যানেজমেন্ট।
বলাই বাহুল্য, আগামী 30 মে থেকে শুরু হচ্ছে পাকিস্তান সিরিজ। তার আগে 23 মে পশ্চিমের দেশে পৌঁছতে হবে অস্ট্রেলিয়ান প্লেয়ারদের। সেক্ষেত্রে গ্রিন যদি অস্ট্রেলিয়া দলের সাথে যান তবে কলকাতার শেষ দুটি ম্যাচে তাঁর খেলা হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। আসলে 20 ও 24 মে যথাক্রমে মুম্বই এবং দিল্লির বিরুদ্ধে মাঠে নামার কথা কলকাতার। আর এই দুই ম্যাচে গ্রিন না খেললে বেশ সমস্যায় পড়ে যাবে KKR!
অবশ্যই পড়ুন: দলে কমেছে গুরুত্ব! MI-র সাথে সব সম্পর্ক শেষ করছেন হার্দিক পান্ডিয়া?
প্রসঙ্গত, এর আগে শোনা গিয়েছিল যেসব প্লেয়াররা এই মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত তাদের পাকিস্তান সিরিজের দলে নেওয়া হবে না। সেই মতোই প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, ট্র্যভিস হেড থেকে শুরু করে কুপার কনোলি, মিচেল স্টার্ক এর মতো প্লেয়াররা পাকিস্তান সিরিজের দলে নেই। স্টার্কের দল দিল্লির প্লে অফে ওঠার সম্ভাবনা প্রায় শেষ। মূলত টেস্ট ক্রিকেটের কথা ভেবেই এই প্লেয়ারকে বিশ্রামে রাখা হচ্ছে। তবে পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন সিরিজের জন্য অস্ট্রেলিয়া যাদের দলে নিয়েছে তাদের মধ্যে রয়েছে গ্রিন, জশ ইংলিশ এবং মিচেল মার্শ। অধিনায়ক মার্শের দলে কামিন্সদের ছেড়ে দিয়ে গ্রিনের মতো একজন প্লেয়ারকে নেওয়ায় অনেকেই ধরে নিয়েছেন, হয়তো অস্ট্রেলিয়া বিশ্বাস করতে পারছে না KKR প্লে অফে জায়গা করতে পারবে!










