বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবৈধ জুয়ায় জড়িত থাকার অভিযোগ উঠেছে পাকিস্তানের (Pakistan) তারকা উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের (Muhammad Rizwan) বিরুদ্ধে। গত ইংল্যান্ড সিরিজ থেকেই বিতর্কের অন্যতম মুখ হয়ে রয়েছেন এই পাকিস্তানি ক্রিকেটার। তাঁর বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে পাকিস্তানের সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট। সম্প্রতি সে বিষয়ে মুখ খুলেছিলেন খেলোয়াড়। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে তাঁকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এ বিষয়ে আর মুখ খুলতে পারবেন না তিনি। এর মাঝে অবশ্য সাংবাদিকদের সামনে মুখ খুলতে চেয়ে বোর্ডের কাছে বারবার অনুমতি দেওয়ার আবেদন জানান রিজওয়ান। তাতে কাজ হয়নি।
রিজওয়ানকে ঘরবন্দি করে দিল PCB
ইংল্যান্ড সিরিজের পরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সবটা জানাতে চেয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার। বলতে চেয়েছিলেন তাঁর সাথে ঠিক কী হয়েছে। এ নিয়ে বোর্ডের কাছে আবেদন জানালে পরপর দুবারই পাকিস্তান ক্রিকেট বোর্ড সেই আবেদন খারিজ করে দেয়। পাক ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছিল তারা অনুমতি না দেওয়া পর্যন্ত রিজওয়ান এ বিষয়ে মুখ খুলতে পারবে না।
জানা যাচ্ছে, পাকিস্তানের ওই তারকা ক্রিকেটার চাইছেন তাঁর বিরুদ্ধে যে যে অভিযোগ উঠেছে সবটা সর্বসমক্ষে প্রকাশ করতে। এর জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে অনুমতি চাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকেও নাকি চিঠি লিখেছেন তিনি। তবে তাতেও সুরাহা হয়নি। এক কথায় বলাই যায়, অভিযোগ নিয়ে গণমাধ্যমে মুখ খোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা পেয়েছেন রিজওয়ান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভিও এ প্রসঙ্গে মুখ খোলেননি। একদিক থেকে তিনি আবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে সাইবার অপরাধ দমন সংস্কার কাজও তাঁর দপ্তরের অধীনে পড়ে। সব মিলিয়ে বলাই যায়, রিজওয়ানকে একপ্রকার ঘরবন্দি করে দিল PCB।
আরও পড়ুন: খরচ করতে হবে না এক পয়সাও, এ বছর বিনামূল্যে দেখা যাবে ISL, সিদ্ধান্ত কর্তৃপক্ষের
উল্লেখ্য, এর আগে ইংল্যান্ড সিরিজের মাঝেই সাত জন ক্রিকেটারকে দল থেকে বাদ দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই তালিকায় ছিলেন রিজওয়ানও। সেই সময়, এই পাকিস্তানি ক্রিকেটারের স্মার্টফোন বাজেয়াপ্ত করেছিলেন পাক ক্রিকেট বোর্ডের আধিকারিকরা। পরে জানা যায়, তাঁর বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে পাকিস্তানের সাইবার অপরাধ দমন সংস্থা। এ নিয়ে অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে রিজওয়ান জানিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে কেন এসব অভিযোগ উঠছে সেটা বুঝতে পারছেন না তিনি। এ নিয়ে তাঁকে বিস্তারিত তথ্য দিলে তিনিও তদন্তে সহযোগিতা করতে পারবেন।










