অনন্যা সরকার, কলকাতা: সস্তায় জিও রিচার্জের (Jio Recharge) জন্য অনেকেই বিভিন্ন প্ল্যানের সন্ধান দেন, কিন্তু আসল সাশ্রয়ের উপায় রয়েছে জিও-র ফ্যামিলি প্ল্যানে (JioPlus Family Plan)। জিও-র ফ্যামিলি প্ল্যানে একই সাথে চারটি নম্বর ব্যবহার করা যায়, যার মেলে ৯০ জিবি ৪জি ডেটা এবং আনলিমিটেড ৫জি ডেটা। এছাড়া, আনলিমিটেড কলিংয়ের সাথে একাধিক সুবিধা পাওয়া যায়। সবচেয়ে উল্লেখযোগ্য হল, যখন এই প্ল্যানের মোট খরচ চারজন ইউজারের মধ্যে ভাগ হয়, তখন প্রত্যেকের ভাগে আসে মাত্র ২৬৫ টাকা। হিসেব করে দেখলে সুবিধার তুলনায় খরচ অত্যন্ত কম।
কীভাবে পাবেন মাত্র ২৬৫ টাকায় এত সুবিধা?
জিও-র ফ্যামিলি প্ল্যান আসলে একটি পোস্টপেইড প্ল্যান (PostPaid), যার জন্য ইউজারকে প্রথমে নিজের নম্বরটি পোস্টপেইডে ট্রান্সফার করতে হবে। যদি একজন ইউজার শুধু নিজের নম্বরটি পোস্টপেইডে ট্রান্সফার করেন, তাহলে এই প্ল্যানের খরচ পড়বে ৪৪৯ টাকা। এই প্ল্যানে ৭৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং আনলিমিটেড ৫জি ডেটার সুবিধা পাওয়া যায়। কিন্তু এই প্ল্যানের আসল সুবিধা তখনই মেলে যখন আরও ইউজার এর সাথে যুক্ত হন।
জিও-র ফ্যামিলি প্ল্যানে একটি মূল নম্বরের পাশাপাশি আরও তিনটি অতিরিক্ত নম্বর যুক্ত করা যায়। এর ফলে বিলে প্রতি সিম কার্ড পিছু অতিরিক্ত ১৫০ টাকা যোগ হবে। আর অতিরিক্ত ৫ জিবি ডেটাও পাওয়া যাবে। সাথে আনলিমিটেড কলিং এবং ৫জি ডেটা তো থাকছেই।
জিও-র ফ্যামিলি প্ল্যানের সুবিধাগুলি
একজন রেডিট (Reddit) ইউজার তার পোস্টে জিও-র কম খরচের রিচার্জ প্ল্যানটির সম্পূর্ণ সুবিধাগুলো ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, ৪৪৯ টাকার বেস ফ্যামিলি প্ল্যানের সাথে প্রতি নম্বরে ১৫০ টাকা দিয়ে তিনটি নম্বর যোগ করলে বিল হয় মোট ৮৯৯ টাকার। ট্যাক্স যোগ করার পর ১০৬০ টাকা দিতে হয় কোম্পানিকে। এবার এই বিল চারটি নম্বরের মধ্যে ভাগ করলে খরচ হবে জনপ্রতি ২৬৫ টাকা। আর যেহেতু এটি একটি পোস্টপেইড প্ল্যান, তাই ২৮ দিন বা ৩০ দিনের বৈধতা নিয়েও ভাবতে হবে না। এছাড়াও, প্রত্যেকে আনলিমিটেড কলিং ও ৫জি ডেটা এবং ৮০ জিবি ৪জি ডেটা পাবেন। এর পাশাপাশি, প্রত্যেক ইউজার প্রতিদিন ১০০টি এসএমএস পাঠানোর সুবিধা পাবেন।

এছাড়া এক রেডিট জানিয়েছেন, এই প্ল্যানটিতে তিন মাসের জিওহটস্টার (JioHotstar) সাবস্ক্রিপশন এবং ৫০ জিবি ফ্রি জিও ক্লাউড (Jio Cloud) স্টোরেজও পাওয়া যায়। এই প্ল্যানে গুগল জেমিনি প্রো (Google Gemini Pro)-এর ১৮ মাসের ফ্রি সাবস্ক্রিপশনও অন্তর্ভুক্ত রয়েছে।
তবে এই প্ল্যানটি চালু করার সময় কয়েকটি বিষয় মনে রাখতে হবে। প্রথমত, এটি একটি পোস্টপেইড প্ল্যান তাই এতে নম্বর ট্রান্সফার করার পর রিচার্জ নয়, বরং বিল মেটাতে হয়। এছাড়াও, যখন কোনো ইউজার তার প্রাইমারি নম্বরটি পোস্টপেইডে আপগ্রেড করবেন, তখন তাকে সিকিউরিটি ডিপোজিট হিসেবে ৫৭৫ টাকা জমা দিতে হয়, যা প্রিপেইড প্ল্যানে ফিরে গেলে ফেরত পাওয়া যায়।
এক্ষেত্রে, ইউজার পিছু ২৬৫ টাকার এই প্ল্যানটি সাধারণ ৩৪৯ টাকার প্রিপেইড প্ল্যানের চেয়ে অনেক বেশি লাভজনক হতে পারে। যদিও, ৮০ জিবি ৪জি ডেটা চারজন ইউজারের মধ্যে ভাগ করে দেওয়া হয়, কিন্তু যদি সবাই ৫জি ফোন ব্যবহার করেন, তবে এই ডেটার প্রয়োজনই পড়ে না, কারণ প্ল্যানটিতে আনলিমিটেড ৫জি ডেটা মেলে।










