সস্তায় মিলবে শুধু ফোন, SMS-র প্ল্যান? টেলিকম কোম্পানিগুলোকে প্রস্তাব TRAI-র

Published:

Only Voice Calling Recharge Plans

অনন্যা সরকার, কলকাতা: এখনও বয়স্ক নাগরিকদের একটা বড় অংশ মোবাইল ফোন শুধুমাত্র কথা বলার জন্যই ব্যবহার করে থাকেন। তাই স্মার্টফোনের থেকে বেশি ফিচার ফোন ব্যবহারে স্বাচ্ছন্দ্যবোধ করেন তারা। ডেটার প্রয়োজন তাদের খুব একটা হয় না। কিন্তু তাও বিকল্প না থাকায় বাধ্য হয়ে বেশি টাকা খরচ করে ডেটা সহ ‘বান্ডল প্যাক’ নিতে হয়। এরকম গ্রাহকদের সুবিধার্থে এবার শুধু কলিং ও এসএমএস প্যাক আনার প্রস্তাব দিয়েছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)। কিন্তু সেই প্রস্তাবে বেঁকে বসেছে ভারতের অন্যতম বেসরকারি টেলিকম পরিষেবা সংস্থা (Telecom Operators)- ভারতী এয়ারটেল (Bharti Airtel), রিলায়েন্স জিও (Reliance Jio) এবং ভোডাফোন-আইডিয়া (Vi)। 

শুধু কলিং-এসএমএস প্যাকে না টেলিকম সংস্থাগুলির

ট্রাই ২০২৬ সালের খড়সা টেলিকম কনজিউমার প্রোটেকশন (১৩তম সংশোধিত) রেগুলেশন প্রকাশ করেছে। যেখানে নিয়ন্ত্রক সংস্থার তরফে প্রস্তাব দেওয়া হয়েছে যে, টেলিকম সংস্থাগুলির উচিত নির্দিষ্ট বৈধতার সাথে শুধুমাত্র ভয়েস কলিং ও এসএমএস প্যাক নিয়ে আসা। স্বাভাবিকভাবেই এখনকার ডেটা, আনলিমিটেড কলিং ও এসএমএস-এর সাথে আসা বান্ডেল প্যাকগুলি থেকে এই রিচার্জ প্ল্যান সস্তা হবে। এই প্রস্তাবের মূল উদ্দেশ্য হল যারা ইন্টারনেট ব্যবহার করেন না, তাদের যেন সেই সার্ভিসের জন্য অতিরিক্ত অর্থ খরচ করতে না হয়।  এরকম অনেক গ্রাহক আছেন যাদের ফোনে ডেটা ব্যালেন্স পড়ে পড়ে নষ্ট হয়, অথচ ডেটা বাবদ প্রতিমাসে খরচ দিয়ে যেতে হয়। 

আরও পড়ুনঃ বর্ষায় করুন এই ছোট্ট কাজ, বাড়ির ত্রিসীমানায় ঘেঁষবে না সাপ, কামড়াবে না ঘরে ঢুকলেও!

যদিও টেলিকম সংস্থাগুলি জানিয়েছে যে, মোবাইল ডেটার সাথে আসা বান্ডেল প্যাকগুলি খুব অল্প মূল্যেই ভয়েস কলিং-এর সুবিধা অফার করে। তাদের মতে, এই ধরনের পৃথক প্ল্যান শুরু হলে বর্তমান ট্যারিফ কাঠামোয় সমস্যা সৃষ্টি হতে পারে এবং প্রভাব পড়তে পারে তাদের রাজস্বের অর্থেও। এমনকি রিলায়েন্স জিও-র এক কর্মকর্তা বলেছেন যে, এইরকম সস্তার রিচার্জ প্ল্যান চালু হলে সেগুলিকে স্প্যাম কল করা, অযাচিত মেসেজ পাঠানো ও প্রতারণামূলক কাজকর্মের জন্য অপব্যবহার করা হতে পারে।