সৌভিক মুখার্জী, কলকাতা: শাওমির আগামী প্রজন্মের ফ্লাগশিপ স্মার্টফোন Xiaomi 18 সিরিজ (Xiaomi 18 Series) ঘিরে প্রযুক্তি মহলে শুরু হয়েছে জল্পনা। সম্প্রতি একাধিক লিক হওয়া তথ্যে Xiaomi 18 এর সম্ভাব্য ডিজাইন এবং Xiaomi 18 Pro Max এর কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সামনে এসেছে। যদি এই তথ্য সত্যি হয়, তাহলে নতুন সিরিজে বড় ব্যাটারি থেকে শুরু করে 200 মেগাপিক্সেলের ক্যামেরা এবং পরবর্তী প্রজন্মের স্ন্যাপড্রাগন ফ্লাগশিপ প্রসেসর দেখা যেতে পারে।
ডিজাইনে প্রিমিয়াম লুক
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Xiaomi 18 এর ডিজাইনে খুব একটা পরিবর্তন না থাকলেও প্রিমিয়াম ফিনিশ বজায় রাখা হচ্ছে। ফোনটির সামনের দিকে থাকবে পাতলা ও সমান বেজেলসহ একটি সেন্টার পাঞ্চ হোল ডিসপ্লে। আর পিছনের অংশে উপরের বাঁদিকে বড় আকারের স্কোয়ার ক্যামেরা মডেল থাকতে পারে, যেখানে তিনটি ক্যামেরা সেন্সরের পাশাপাশি অতিরিক্ত সেন্সর থাকার সম্ভাবনা রয়েছে। এমনকি ক্যামেরা মডিউলে Leica ব্র্যান্ডিং দেখা গিয়েছে, যা উন্নত ফটোগ্রাফির ইঙ্গিত দিচ্ছে। এছাড়াও ফোনটিতে ফ্ল্যাট ফ্রেম এবং আকর্ষণীয় লাইট পিংক রঙের বিকল্প থাকতে পারে।
Xiaomi 18-এ কী কী থাকতে পারে?
লিক হওয়া তথ্য অনুযায়ী, Xiaomi 18 মডেলে থাকতে পারে একটি 6.4 ইঞ্চি LTPO OLED ডিসপ্লে। পারফরমেন্সের জন্য এতে ব্যবহার করা হতে পারে Qualcomm-এর নতুন Snapdragon 8 Elite Gen 6 ফ্ল্যাগশিপ চিপসেট। ফটোগ্রাফি প্রেমীদের জন্য রয়েছে 200MP OIS প্রাইমারি ক্যামেরা এবং 200MP প্রেরিস্কোপ টেলিফটো লেন্স। এছাড়া 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা থাকতে পারে। আর টেলি ম্যাক্রো ফটোগ্রাফির সুবিধা দেওয়া হবে।
এদিকে ব্যাটারির দিক থেকেও বিরাট চমক দিতে পারে Xiaomi। ফোনটিতে 7200mAh ব্যাটারির সঙ্গে একটি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এমনকি ওয়ারলেস চার্জিং সমর্থন থাকবে।
আরও পড়ুন: হঠাৎ বুম্বাদার বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রসেনজিতের সাথে কী কথা হল অমিত শাহর?
তবে টিপস্টাররা বলছে, Xiaomi 18 Pro Max মডেলটি সিরিজের সবথেকে শক্তিশালী মডেল হতে পারে। এই ফোনটিতে 6.9 ইঞ্চির 2K OLED ফ্ল্যাট ডিসপ্লের পাশাপাশি 2nm প্রযুক্তিভিত্তিক নতুন Snapdragon প্রসেসর দেওয়া হতে পারে। ক্যামেরা নিয়ে যদি কথা বলি, তাহলে এই মডেলে 200MP প্রাইমারি ক্যামেরা থেকে শুরু করে 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং ম্যাক্রো ফটোগ্রাফির সুবিধা পাওয়া যাবে। এমনকি লিক হওয়া তথ্য অনুযায়ী, এই মডেলটিতে 8500mAh পর্যন্ত ব্যাটারি থাকতে পারে, যার সঙ্গে 100W চার্জিং সাপোর্ট দেওয়া হবে।










