রাজধানী ট্রেনে অগ্নিকাণ্ড, অভিষেকের বিরুদ্ধে FIR…! আজকের সেরা ১০ খবর (১৭ মে)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৭ মে, রবিবার। রাজধানী ট্রেনে অগ্নিকাণ্ড, অভিষেকের বিরুদ্ধে FIR, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড

সাত সকালে রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড। সূত্রের খবর, দক্ষিণ ভারতের তিরুবন্তপুরম থেকে দিল্লিগামী ট্রেনে আচমকা আগুন লেগে যায়। ভোর সওয়া পাঁচটা নাগাদ ঘটে এই ঘটনা। দুটি কামরা সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে যায়। তবে যাত্রীদের কোনও হতাহতের খবর মেলেনি। সঙ্গে সঙ্গে দমকল বাহিনী এবং রেল পুলিশের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। যদিও এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। তবে পুলিশ তদন্ত শুরু করেছে।

৯) অভিষেকের পর কল্যাণ, শোভনদেব, কুণালদের নিরাপত্তায় কাটছাঁট

অভিষেক ব্যানার্জীর পর এবার তৃণমূলের বিভিন্ন সাংসদ ও নেতা মন্ত্রীদের নিরাপত্তা কাটছাঁট করেছে রাজ্য সরকার। তালিকায় রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিধায়ক কুনাল ঘোষ। এমনকি প্রাক্তন মন্ত্রী শশী পাঁজা থেকে চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস সকলেই। রাজ্য সরকারের স্পষ্ট দাবি, যার যতটুকু নিরাপত্তা প্রাপ্য তাঁর ততটুকুই দেওয়া হবে। বাড়তি নিরাপত্তা কাউকে দেওয়া হবে না। এমনকি এই তালিকায় রাজীব কুমারও রয়েছেন।

৮) অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR দায়ের

অভিষেক ব্যানার্জীর নামে এবার দ্বিতীয় এফআইআর দায়ের করল তাঁরই দলের প্রাক্তন বিধায়ক তথা সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা। তাঁর অভিযোগ, মগরাহাট বিধানসভার প্রধান, পঞ্চায়েত, জেলা পরিষদ বা পঞ্চায়েত কমিটিতে কোটি কোটি টাকার বিনিময়ে একাধিক কর্মী নিয়োগ করেছেন। এমনকি তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ রয়েছে, আর শারীরিক নির্যাতনও করেছে। আর এইসবের মূলে যে মূল অভিযুক্ত মিতুন কুমার দে, তাঁকে মদত দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

৭) আবাস যোজনায় দুর্নীতির কারণে তৃণমূল প্রধানের বাড়িতে ভাঙচুর গ্রামবাসীর

আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে গ্রামবাসীদের কাছ থেকে স্থানীয় পঞ্চায়েত প্রধান অঞ্জলি দলুই লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছিলেন বলে অভিযোগ। সেই সূত্রে এবার তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর চালিয়েছে স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটে আমতার কাশমুলী গ্রামে। তাদের অভিযোগ, অঞ্জলি দেবী আববাসের ঘর পাইয়ে দেওয়ার নাম করেই গ্রামবাসীদের সমস্ত টাকা আত্মসাৎ করেছেন। এমনকি তাঁরা দিনের পর দিন পঞ্চায়েত প্রধানের কাছে জব কার্ড ফিরিয়ে দেওয়ার আবেদন জানালেও তা হয়নি।

৬) আরও সস্তা হল বিমান সফর

মধ্যপ্রাচ্যের যুদ্ধের মাঝে যখন জ্বালানির দাম ঊর্ধ্বগতি, তখন বিমান ভাড়া আরও সস্তা হল। সূত্রের খবর, দিল্লি সরকার ফুয়েলের উপর ভ্যাট ২৫ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করে দিয়েছে। কারণ, বিমান সংস্থাগুলি দীর্ঘদিন ধরেই কর কমানোর দাবি করে আসছিল। আর জ্বালানির দাম বাড়ার কারণে তাদের দ্রুত খরচ বাড়ছিল। তবে এই সিদ্ধান্তে অনেকটাই আর্থিক স্বস্তি মিলবে, এবং বিমানের ভাড়াও কিছুটা কমতে পারে বলেই মত প্রকাশ করা হচ্ছে।

৫) অবৈধ পার্কিং করলেই ৫০০ টাকা জরিমানা

কলকাতা রাস্তায় অবৈধ পার্কিং করলেই গুনতে হবে ৫০০ টাকা জরিমানা। ইতিমধ্যেই অগ্নিমিত্রা পাল এ বিষয়ে স্পষ্ট নির্দেশিকা দিয়েছিলেন। তবে এবার জানানো হয়েছে, যদি পার্কিং জোনের বাইরে বা নো পার্কিং এলাকায় কোনও গাড়ি দাঁড়িয়ে থাকে, তাহলে তাকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। এমনকি কলকাতা পৌরসভার অনুমোদিত জোন ছাড়া কোনও জায়গায় পার্কিং করা যাবে না। আর শহরজুড়ে ২৭টি ট্রাফিক গার্ড এলাকায় ইতিমধ্যেই অভিযান চালিয়েছে লালবাজার। ডিসপ্লে বোর্ডে কোথায় কতটা জায়গা পার্কিংয়ের জন্য নির্ধারিত, তা উল্লেখও করা থাকবে।

৪) রেলের তৎপরতায় ভোল বদলে গেল শিয়ালদা স্টেশনের

রাজ্যে সরকারের বদল হতেই একেবারে শিয়ালদা স্টেশনের ভোল বদলে গেল। হ্যাঁ, শিয়ালদার শুরু থেকে শেষ অর্থাৎ সবকটি প্ল্যাটফর্ম মিলিয়ে এবার ২০০ থেকে ২৫০ বা তার বেশি হকারদের সরিয়ে প্ল্যাটফর্মকে হকার মুক্ত করে দিয়েছে রেল। কারণ, ব্যস্ত সময়ে চারপাশে গজিয়ে ওঠা হকারদের কারণে যাতায়াতে সমস্যায় পড়তে হত নিত্যযাত্রীদের। আপাতত এতে অনেকটাই স্বস্তি ফিরেছে। এমনকি শিয়ালদা স্টেশনের বাইরেও অনুমোদিত হকারদের সরিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের ইউনিয়নগুলির কারণে এতদিন তা সরানো যায়নি। তবে বিজেপি আসতেই পদক্ষেপ নেওয়া হয়েছে।

৩) রাস্তায় নামাজ পড়া নিয়ে পার্ক সার্কাসে বিক্ষোভ

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই প্রকাশ্য রাস্তায় নামাজ পড়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে তা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে মুসলিমরা। এবার পার্ক সার্কাস এলাকা মুসলিমদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল। সূত্রের খবর, সেখানে পুলিশ গেলে তাদের উপর ইট ছোঁড়া হয়। এমনকি এতে বেশ কিছু পুলিশ কর্মী আহত হয়েছে। বাধ্য হয়ে সিআরপিএফ জওয়ান এবং র‍্যাপ নামাতে হয়েছে কলকাতা পুলিশকে। এমনকি পরিস্থিতি সামাল দিতে লাঠি চালাতে হয়েছে বাহিনীকে।

২) বাংলার শিল্পের জন্য তৈরি হচ্ছে ব্লু প্রিন্ট

বাংলায় শিল্প উন্নয়নে নয়া মোড়। এবার কেন্দ্র সরকার শিল্প পুনরুজ্জীবিত প্যাকেজ করার জন্য রোড ম্যাপ তৈরি করেছে। আগামী দিন বাংলায় শিল্পক্ষেত্রে জোয়ার আনার কাজ হবে বলে খবর। যা ২০২৭ সালের কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করা হবে। এদিকে শিল্পকরিডোর থেকে শুরু করে একাধিক খাতের জন্য জমি অধিগ্রহণ করা হবে। পাশাপাশি একাধিক রেললাইন প্রকল্প সম্পন্ন করার কাজ এবার গতি পাবে বলেই অনুমান করা হচ্ছে। আর নীতি আয়োগের তরফ থেকে গোটা কাজকে অঘোষিতভাবে সোনার বাংলা ফ্রেম ওয়ার্ক বলা হচ্ছে।

১) আদ্রা ডিভিশনে রেল প্রকল্পের অনুমোদন

এবার পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো শক্তিশালী করতে বিরাট উদ্যোগ গ্রহণ করেছে রেল মন্ত্রক। জঙ্গলমহলের শালবনী-আদ্রা তৃতীয় লাইন প্রকল্পে সীলমোহর দেওয়া হয়েছে। রেলমন্ত্রীর নেতৃত্বে অনুমোদিত এই উদ্যোগে রাজ্যের গুরুত্বপূর্ণ রেল করিডোরগুলি পরিচালনাগত দক্ষতা বৃদ্ধি পাবে। এমনকি রেলমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গের শালবনী এবং আদ্রার মধ্যে ১০৭ কিলোমিটার তৃতীয় রেল লাইন নির্মাণের জন্য চূড়ান্ত সমীক্ষাও অনুমোদিত হয়েছে।