বদলাবে না বৃষ্টির মেজাজ, শনিতেও ৯ জেলায় হলুদ সতর্কতা, আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: ভরা ভাদ্রেও থামছে না বৃষ্টি, সপ্তাহান্তে ফের আকাশের মুখভার। রাখী পূর্ণিমার গোটা দিন জুড়ে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েই চলেছে। যদিও নিম্নচাপের রেশ সামান্য কমেছে, কিন্তু মৌসুমী অক্ষরেখা বর্তমানে দীঘার ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত সক্রিয়ভাবে বিস্তৃত রয়েছে। আর তাতেই ঝমঝমিয়ে থেকে থেকে নামছে বৃষ্টি, আগামীকালও (Weather Tomorrow) ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

আজকের আবহাওয়া – https://indiahood.in/weather/

কলকাতায় আগামীকালের আবহাওয়া

আগামীকাল, শনিবার, কলকাতার আকাশ সকাল থেকেই মেঘলা থাকবে। বাতাসে ভরপুর আর্দ্রতার জন্য ভ্যাপসা গরম বজায় থাকবে। তবে দুপুর বা বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ২৮ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া – https://indiahood.in/weather-tomorrow/

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আবহাওয়া বজায় থাকবে। মাঝেমধ্যে রোদের হালকা ঝলক দেখা গেলেও সেটি খুবই সাময়িক থাকবে। বেলা বাড়তেই ভারী বৃষ্টি হবে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে উপকূলের জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। আগামী সোমবার পর্যন্ত এমন থাকবে আবহাওয়া।

আরও পড়ুন: “গোটা লাইব্রেরি বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখি!” বই ‘চুরি’ অপবাদে হুঙ্কার মমতার

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গে ভারী দুর্যোগ না থাকলেও আগামীকাল বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। তবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই এখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।