“গোটা লাইব্রেরি বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখি!” বই ‘চুরি’ অপবাদে হুঙ্কার মমতার

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিধানসভার (West Bengal Assembly) লাইব্রেরি থেকে রবীন্দ্রনাথের 19টি বই পড়বার জন্য নিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে রাজ্যে পালাবদলের পরেও সেই বই ফেরত না দিয়ে নিজের কাছে রেখে দিয়েছেন তিনি! এমন অভিযোগই তোলা হয়েছে কালীঘাট তৃণমূলের সুপ্রিমোর বিরুদ্ধে। ঘুরিয়ে বই চুরির অপবাদ দেওয়া হয়েছে মমতাকে। এবার সেসব নিয়েই ক্ষোভ উগরে দিলেন তৃণমূল নেত্রী। বললেন, লাইব্রেরি বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখি!

বই চুরির অপবাদে চটলেন মমতা

মুখ্যমন্ত্রী থাকাকালীন বিধানসভার গ্রন্থাগার থেকে রবীন্দ্রনাথের রবীন্দ্র রচনাবলীর 18 খন্ড এবং সঞ্চয়িতা পড়ার জন্য নিয়েছিলেন মমতা। তবে গ্রন্থাগার কর্মীদের অভিযোগ ছিল, ক্ষমতা হারানোর পরেও সেই সব বই ফেরত দেননি তিনি। এদিকে মমতা জানিয়েছিলেন, গ্রন্থাগার থেকে নেওয়া বইগুলি এখন তাঁর বাড়িতে নেই। বরং রয়েছে বিধানসভায় মুখ্যমন্ত্রীর চেম্বারে। যা এখন শুভেন্দু অধিকারীর দখলে।

সাধারণত নিয়ম অনুযায়ী, বিধানসভায় মুখ্যমন্ত্রীর চেম্বারে অনুমতি ছাড়া ঢোকার অধিকার নেই গ্রন্থাগার কর্মীদের। সম্প্রতি এসব নিয়েই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের নতুন গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। বলেছিলেন, গ্রন্থাগার থেকে বই নিয়ে ফেরত না দেওয়ায় আর পাঁচটা পাঠকের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া যায়, সেই আইনি ব্যবস্থা নেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও। এবার সেই সব প্রসঙ্গ তুলেই ফুঁসে উঠলেন মমতা।

 

আরও পড়ুন: “আমাকে বাড়ি থেকে বেরোতে দেবে না, কী বুকের পাটা” TMCP-র প্রতিষ্ঠা দিবসে ক্ষুব্ধ মমতা

শুক্রবার, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে বই চুরির অপবাদ প্রসঙ্গে মুখ খুলে মমতা জানালেন, তাঁর বিরুদ্ধে তোলা সমস্ত অভিযোগ পুরোপুরি অযৌক্তিক এবং ভিত্তিহীন। তৃণমূল নেত্রীর কথায়, “মিথ্যা অভিযোগ করবেন না একদম। আপনাদের কাছে প্রমাণ আছে? প্রমাণ ছাড়া অযৌক্তিক কথা বলছেন.. আমি নিজে বই লিখি। চাইলে একটা গোটা লাইব্রেরি বানিয়ে দিতে পারি।”