বিক্রম ব্যানার্জী, কলকাতা: অন্যান্য বছর মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP Day) উদযাপিত হলেও এ বছর কাউকেই সেখানে সভা করতে দেয়নি কলকাতা হাইকোর্ট। বদলে কালীঘাট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন মঞ্চ বেঁধেছে ক্যাথিড্রাল রোডে। আর সেখান থেকেই বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিশানা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাড়ি থেকে বেরোতে না দেওয়ার প্রসঙ্গ তুলে তৃণমূল নেত্রী বললেন, “আমাকে বাড়ি থেকে বেরোতে দেবে না, কী বড় বুকের পাটা….।”
মুখ্যমন্ত্রীকে নিশানা মমতার
সম্প্রতি সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়ি থেকে বেরোতে দেওয়া হবে না। তিনি যাতে বাড়ি থেকে বের হতে না পারেন সেই ব্যবস্থা করবেন। শুক্রবার, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে সেই প্রসঙ্গ তুলেই মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, “চুক্তি করে বাংলা দখল করেছে বিজেপি। ভগবান বলেও একটা জিনিস আছে। আমাকে নাকি বাড়ি থেকে বেরোতে দেবে না বলেছিল, কী বড় বুকের পাটা দেখি..”
এদিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা আরও বললেন, “গায়ের জোরে সবকিছু চালানো যায় না। গোটা বাংলা জুড়ে এখন বিজেপির লুম্ফেনদের মাতামাতি। মানুষ এসব সহ্য করবে না।” মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গাড়ির কনভয় নিয়েও নিশানা করেন মমতা। বলেন, “বাবু বেরিয়েছে বলে রাস্তা বন্ধ। 40টা গাড়ির কনভয়। আমার পাড়ায় সব রাস্তা বন্ধ করে দিয়ে পুলিশ দাঁড়িয়ে থাকছে.. বাবু কখন আসবেন, স্যালুট করতে হবে তো। বলি স্যালুট করতে হলে নবান্নে গিয়ে করুন। যদিও ওটাও আমাদেরই তৈরি করে দেওয়া। রাইটার্সের কাজও আমাদেরই শুরু করা।”
আরও পড়ুন: “ককরোচ জনতা পার্টি বাংলার অভিশাপ” বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়
বাংলায় খুব শীঘ্রই পরিবর্তন আসছে বলেই মনে করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা। তৃণমূল সুপ্রিমো বললেন, “সম্পূর্ণ চুরি করে বাংলা দখল করেছে বিজেপি। কিন্তু চিন্তা করবেন না, বাংলায় খুব শীঘ্রই একটা পরিবর্তন আসবে। তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় ফিরবে। আর বিজেপির লোকেরাই বিজেপিকে জবাব দেবে।” মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত গেরুয়া শিবিরের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।










