ফুঁসছে একাধিক ঘূর্ণাবর্ত, কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ সকাল সকাল প্রকাশ্যে এল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট (Weather Today)। দক্ষিণবঙ্গে আবারও একবার সক্রিয় হতে চলেছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরিস্থিতি। বর্তমানে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশ এলাকার উপর বায়ুমণ্ডলের উচ্চ স্তরে একটি ঘূর্ণাবর্ত (Cyclonic rotation) অবস্থান করছে। এর প্রভাবে আগামী কয়েক ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নতুন করে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। তবে বৃষ্টি হলেও গরম যে কম থাকবে তা নয়। যাইহোক, আপনিও যদি বাড়ি থেকে বেরনোর প্ল্যান করে থাকেন তাহলে কোন জেলার পরিস্থিতি কেমন থাকবে সেটা জেনে নিন।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলী, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৪০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিসের মতে, বর্তমানে রাজস্থান থেকে উত্তর মধ্যপ্রদেশ, দক্ষিণ উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত সমুদ্রপৃষ্ঠের গড় স্তরে অবস্থিত মৌসুমি অক্ষরেখা বজায় রয়েছে। উত্তর পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠের গড় স্তর থেকে ০.৯ কিমি উচ্চতায় অবস্থানকারী ঘূর্ণাবর্ত এখনও বজায় রয়েছে, এছাড়াও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। হাওয়া অফিস জানিয়েছে,বৃহস্পতিবার উত্তরব্যঙ্গের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়। এছাড়া বাদবাকি জেলাগুলিতেও বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া

শুক্রবার থেকে আরও বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। জানা গিয়েছে, এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া ভারী বৃষ্টির ভ্রূকুটি রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। দক্ষিণবঙ্গের কথা বললে, এদিন মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়।