সহেলি মিত্র, কলকাতা: অনেক হল স্বস্তি, এবার ধেয়ে আসছে জ্বালাপোড়া গরম, তাপপ্রবাহ। মে মাসের শুরুর দিকে বাংলাজুড়ে প্রবল ঝড় বৃষ্টির সাক্ষী থেকেছে বাংলা। এক ধাক্কায় অনেকটাই তাপমাত্রা কমে গিয়েছিল। তবে এবার সেসব সুখের দিকে ভুলতে হবে। ইতিমধ্যেই বিভিন্ন হাওয়া অফিস জানিয়েছে, বাংলায় এবার আসছে প্রবল ভ্যাপসা গরম (Weather Today)। দেশের উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত এর বিস্তীর্ণ অঞ্চলে তীব্র গরম ও দাবদাহ শুরু হয়ে গেছে।আজ থেকে আগামী ৪৮ ঘন্টায় এই তীব্র দাবদাহের প্রভাব সমগ্র দক্ষিণবঙ্গে পড়তে শুরু করতে চলেছে। আজ মঙ্গলবার কিছু জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও অধিকাংশ জেলায় গরম থাকবে। থাকবে গরম। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি সঙ্গে ঘন্টায় ৪০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তর শ্রীলঙ্কা উপকূল সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থানকারী নিম্নচাপ অঞ্চলটি আপাতত একই জায়গায় অবস্থান করছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি অবধি বিস্তৃত রয়েছে। আগামী ২৪ ঘন্টায় আরও সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশের ওপর ঘূর্ণাবর্ত থেকে পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও ঝাড়খণ্ড অতিক্রম করে উপ হিমালয় পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এছাড়াও আরও একটি ঘূর্ণাবর্ত উপ হিমালয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকার ওপর অবস্থান করছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও এই দিন উত্তরবঙ্গের উপরিভাগের জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি এদিন উল্লিখিত জেলাগুলিতে প্রবল ঝড়ের সম্ভাবনাও রয়েছে।
আগামীকালের আবহাওয়া
এবার আসা যাক আগামীকাল অর্থাৎ বুধবারে বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিস জানিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায় মিনি কালবৈশাখী সঙ্গে তুমুল বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। বৃষ্টির পাশাপাশি এদিন উল্লিখিত জেলাগুলিতে প্রবল ঝড়ের সম্ভাবনাও রয়েছে।










