প্রীতি পোদ্দার, কলকাতা: বৈশাখ মাস পড়তে না পড়তেই রুদ্র রূপ দেখা গিয়েছে বিভিন্ন জেলায়। সকাল হতেই সূর্যের তেজ যেমন বাড়ছে, তেমনই পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রাও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal) সম্পূর্ণ বৈপরীত্য আবহাওয়া। যদিও আবহবিদদের আশঙ্কা আর কিছুদিন পরেই (Weather Tomorrow) দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পাবে।
আজ বিকেলে কোথায় কোথায় হবে বৃষ্টি?
আজ সোমবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে ঝাড়গ্রাম, মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার কিছু অংশে দু-এক জায়গায় চলবে। তবে বৃষ্টি হলেও তা গরম থেকে দীর্ঘমেয়াদী মুক্তি দিতে পারবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। এমনকি দক্ষিণের একাধিক জেলায় তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বইবে লু। আসলে পূর্ব উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা এবং বাংলাদেশের ওপর থাকা ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে শুকনো গরম বাতাস রাজ্যে প্রবেশ করছে। সেই কারণে বাড়ছে তাপমাত্রা। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার গোটা দিন জুড়ে গরম ও শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। সকাল থেকেই রোদের তেজ বেশি থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকাতেও আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে পৌঁছাবে। শুধু তাই নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লু-এর মতো পরিস্থিতির সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে গরমের দাপট সবথেকে বেশি থাকবে। আশঙ্কা করা হচ্ছে আগামী তিনদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও বাড়বে।
আরও পড়ুন: ‘১০ টাকা কখনও ওঁর পকেটে থাকে?’ ঝালমুড়ি প্রসঙ্গে মোদীকে কটাক্ষ মমতার
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণে যেখানে ব্যাপক গরমের কারণে হাঁসফাঁস দশা সেখানে উত্তরে সম্পূর্ণ ভিন্ন চিত্র। হাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল, রবিবার, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও কালিম্পঙে টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এখনই সেখানে তাপমাত্রা বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই। উত্তরে আগামী বৃহস্পতিবার পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে মালদা ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় অত্যধিক গরম ও অস্বস্তিকর আবহাওয়া তৈরি হতে পারে মঙ্গলবার থেকে।










