মিনি কালবৈশাখী সঙ্গে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, ভাসবে কোন কোন জেলা? আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ নিম্নচাপ সহ একাধিক আবহাওয়া সিস্টেমের ফলে আমূল বদলে গিয়েছে বাংলার আবহাওয়া (Weather Today)। দফায় দফায় দুর্যোগ চলছে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র। আবহাওয়া অফিসের তরফে জারি করা সর্বশেষ বুলেটিন অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওডিশা-পশ্চিমবঙ্গের উপকূলের ওপর তৈরি হয়েছে নিম্নচাপ। আর এই নিম্নচাপের প্রভাবে বাংলার আকাশের মুখ ভার। জেলায় জেলায় মিনি কালবৈশাখী সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সোমবার সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেই প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। এছাড়া ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুর জেলায়। বৃষ্টির পাশাপাশি মিনি কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। বৃষ্টিপাত চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও।

হাওয়া অফিসের মতে, গভীর নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার এবং পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি আজ দুপুরের বা দুপুরের ঠিক আগে পারাদীপ ও সাগর দ্বীপের মধ্যবর্তী অঞ্চল দিয়ে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আজ ভারী বৃষ্টি সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলি্‌ কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এর আবহাওয়া সম্পর্কে বললে আলিপুর হাওয়া অফিসের তরফে উত্তরবঙ্গের দার্জিলিং,কালিম্পং,জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে জেলাগুলি সম্পর্কে বললে এদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। উত্তাল থাকবে সমুদ্র, যে কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।