প্রীতি পোদ্দার, কলকাতা: চৈত্র সংক্রান্তির দিন থেকেই রাজ্য জুড়ে অসহ্য গরম নেমে এসেছিল। চাঁদিফাটা গরমে রীতিমতো হাসফাঁস অবস্থা ছিল বঙ্গবাসীর। গতকাল পয়লা বৈশাখের দিনও এমন ছিল আবহাওয়া। কিন্তু আজ সকাল থেকেই আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন (Weather Tomorrow) কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে পূর্ব-পশ্চিম অক্ষরেখা, যা দক্ষিণ-পূর্ব রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত হয়ে উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও দক্ষিণ-পূর্ব অসমের ওপর দিয়ে গিয়েছে। পাশাপাশি উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঊর্ধ্বাকাশে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। আর এই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, যার ফলেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। এদিকে বৃষ্টি হলেও গরমের প্রভাব এখনই কাটছে না। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শুষ্ক ও উষ্ণ আবহাওয়া বিরাজ করবে। রোদের তেজও দেখা যাবে সকাল থেকে। তবে মাঝে মধ্যে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। বিকেলের দিকে বজ্রপাত এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায়। বাকি জেলাগুলিতে ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। আপাতত এই ছয় জেলায় ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। তবে বৃষ্টি হলেও ভ্যাপসা গরমের দাপট কমবে না। ১-২ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা।
আরও পড়ুন: ছোটাছুটির দিন শেষ, দুটি অ্যাপ আনল LIC, বিরাট সুবিধা হবে গ্রাহকদের
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। প্রায় সব জেলাতেই বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে ঝড়ের গতি ৪০-৫০ কিমি পর্যন্ত যেতে পারে। এছাড়াও পাহাড় ও ডুয়ার্স অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেশিদিন এই বৃষ্টি স্থায়ী থাকবে না। আগামী ১৯ এপ্রিল পর্যন্ত উত্তরের সব জেলায় বজ্রপাত সহ বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে। তারপর ধীরে ধীরে সেখানকার তাপমাত্রা বৃদ্ধি পাবে।










