ফুঁসছে জোড়া নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ৭ জেলায় মুষলধারে বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

Published:

সহেলি মিত্র, কলকাতা: পুজোর মুখে আবারও দুর্যোগের কবলে বাংলা! রোদ ঝলমলে আকাশ দেখে খুশি হচ্ছেন? তাহলে জানিয়ে রাখি, আলিপুর আবহাওয়া অফিসের তরফে আজ মঙ্গলবার থেকে ফের একবার মুষলধারে বৃষ্টিপাতের (Weather Today) পূর্বাভাস জারি করা হল বাংলায়। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। বাংলায় মৌসুমী বায়ু দুর্বল হলেও, জোড়া নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে ফের বৃষ্টির সাক্ষী থাকবেন কলকাতা সহ দুই বঙ্গের মানুষ।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া, বীরভূম, নদীয়া এবং বাঁকুড়া জেলায়। বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে।

দক্ষিণবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দুর্বল হয়ে রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে মারাঠাওয়াড়া অবধি বিস্তৃত অক্ষরেখাটি এখন ঝাড়খণ্ড, অভ্যন্তরীণ ওড়িশা, ছত্তিশগড়, বিদর্ভ ও মারাঠাওয়াড়া ওপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে মধ্য মহারাষ্ট্র অবধি বিস্তৃত রয়েছে। কিছুটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে সেটি। এছাড়াও উত্তর পশ্চিম উত্তর প্রদেশ থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা বিহার, ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে কিছুটা উচ্চতায় অবস্থান করছে। উত্তর পূর্ব বিহার থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের অব্দি বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটি এখন ঝাড়খন্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর মধ্য বিহার থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) প্রসঙ্গে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এদিন শুধুমাত্র দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় জলের সম্ভাবনা রয়েছে। বাকি অর্থাৎ কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া

বুধবার থেকে নতুন করে দুই বঙ্গেই দুর্যোগের ভ্রূকুটি রয়েছে। এদিন দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কথা বললে, এদিন দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গী হবে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ।

google button