সহেলি মিত্র, কলকাতাঃ অবশেষে দেবী পক্ষের সূচনা হয়ে গেল। দুর্গাপুজোকে ঘিরে শুরু হয়েছে প্রস্তুতি। তবে ভয় ধরাচ্ছে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত। আজ রবিবার বা পুজোর কয়েকটা দিন কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে? কলকাতা ও সংলগ্ন এলাকায় মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। আকাশ মেঘলা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে একেবারেও যে বৃষ্টিমুক্ত থাকবে বাংলা সেটাও নয়। আজ যেমন জেলায় জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির (Weather Today) সতর্কতা। আপনিও কি আজ বাড়ির বাইরে বেরনোর কথা ভাবছেন? তাহলে চলুন জেনে নিই আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal)কেমন থাকবে সে প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, রবিবার ছুটির দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা এবং হাওড়া জেলায়।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে পূর্ব ভারতের আরও কিছু অংশ, উপদ্বীপীয় ভারতের উত্তরাংশ এবং উত্তর পূর্ব ভারতের অধিকাংশ এলাকা থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্তটি বর্তমানে দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলের ওপর রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। পূর্বাভাস অনুযায়ী, রবিবার উত্তরবঙ্গের প্রতিটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়া
আপাতত বাংলাজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে। সোমবার যেমন দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং কলকাতা জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়া এদিন মোটের ওপর শুষ্ক থাকবে বলে খবর।










