প্রীতি পোদ্দার, কলকাতা: তীব্র দহনজ্বালার ঘন অন্ধকার করে স্বস্তির বৃষ্টি নেমে আসল দক্ষিণবঙ্গে (South Bengal)। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলিয়েই গত কয়েকদিন ধরেই দুপুর গড়াতে না গড়াতেই কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে আকস্মিক আবহাওয়ার বদল হচ্ছে। মুহূর্তের মধ্যে শুরু হয়ে যাচ্ছে তুমুল ঝড় বৃষ্টি (Rain)। যদিও ভ্যাপসা গরমও থেকে এখনও রেহাই নেই কারোর। তবে আগামী বেশ কয়েকদিন (Weather Tomorrow) এমনই থাকবে আবহাওয়া।
হাওয়া অফিস জানিয়েছে এইমুহুর্তে উত্তর বিহার থেকে ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখার প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে। এমনকি সপ্তাহান্ত জুড়েই এই অস্থির আবহাওয়া বজায় থাকতে পারে বলে জানা গিয়েছে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার, সকাল থেকেই মেঘলা আকাশ দেখা যাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। দুপুর থেকেই ঘন কালো মেঘের আনাগোনা দেখা যাবে আকাশে। ইতিমধ্যেই কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি জুড়ে প্রবল বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি বাঁকুড়ার ক্ষেত্রেও জারি করা হয়েছে লাল সতর্কতা।সঙ্গে বইবে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। পুরুলিয়া, নদিয়া ও মুর্শিদাবাদেও বিকেলের পর তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বজ্রপাতের আশঙ্কায় ইতিমধ্যেই সাধারণ মানুষকে খোলা আকাশের নীচে না থেকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সরকারি হাসপাতালে বাচ্চার জন্ম হলে সোনার আংটি, ঘোষণা তামিলনাড়ু সরকারের
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার কারণে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। আগামীকাল, শুক্রবার, কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। অর্থাৎ সপ্তাহের শেষে উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। এছাড়াও এদিকে ভারী বৃষ্টির জেরে পাহাড়ে ধস নামতে পারে। ইতিমধ্যেই প্রশাসনের তরফে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।










