সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই শক্তিশালী হচ্ছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রবিবার ছুটির দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা (Weather Today) রয়েছে দক্ষিণবঙ্গে। উত্তাল হতে পারে আবহাওয়া। ফলে সকলকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলায়। এছাড়া ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলী, কলকাতা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। এছাড়া মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি কলকাতা থেকে মাত্র কয়েক কিমি দক্ষিণে অবস্থান করছে। নিম্নচাপটি আরও কিছুটা শক্তি বৃদ্ধি করে উত্তর দিকে অগ্রসর হবে এবং পশ্চিমবঙ্গের দীঘা সংলগ্ন শঙ্করপুর উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ৯.৪ কিমি উচ্চতা অবধি বিস্তৃত রয়েছে এবং উচ্চতার সঙ্গে সঙ্গে দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে। সবথেকে বড় কথা, উপকূলীয় এলাকায় বসবাসকারী মানুষ, মৎস্যজীবী এবং সমুদ্রে থাকা নৌকাগুলিকে আরও সতর্কতা অবলম্বন করার অনুরোধ করা হচ্ছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এদিনও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় মাঝারি থেকে বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টি হতে পারে। তবে ৭ জুলাই থেকে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি কড়া হয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়।
আগামীকালের আবহাওয়া
সোমবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। এছাড়াও বাদবাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হওয়া সম্ভাবনা রয়েছে। যদিও ৭ জুলাই থেকে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি কড়া হয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়।










