সহেলি মিত্র, কলকাতাঃ অক্ষরে অক্ষরে মিলে গেল হাওয়া অফিসের পূর্বাভাস। সপ্তাহের শুরুর দিন সকাল থেকেই বদলে গেল আবহাওয়া (Weather Today)। আজ আবার বিধানসভা ভোটের গণনার দিন। তবে সেই আনন্দে জল ঢালতে আসছে ভারী বৃষ্টি। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আজ দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। জেলায় জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। কোথাও কোথাও আবার ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বা কালবৈশাখী ঝড়ের পূর্বাভাসও রয়েছে। সৌজন্যে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, সোমবার ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তর ২৪ পরগণা, হুগলী এবং পূর্ব বর্ধমান জেলায়। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রকোপ থাকবে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও। কলকাতা সহ বাকি জেলাগুলিতেও জারি করা হয়েছে কমলা সতর্কতা। প্রতিটি জেলায় রয়েছে ঘণ্টায় ৬০ কিমি বেগে কালবৈশাখীর সম্ভাবনা।
উত্তর পূর্ব-পশ্চিম নিম্নচাপ অক্ষরেখাটি এখন পাঞ্জাব থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত, যা হরিয়ানা, পূর্ব মধ্যপ্রদেশ, বিহার, ঝারখণ্ড, উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং দক্ষিণ আসাম অতিক্রম করেছে। এছাড়াও উত্তর পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলের অপর অবস্থিত উর্ধ্ব বায়ু ঘূর্ণাবর্ত এখনও অব্যাহত রয়েছে। সব মিলিয়ে মিশিয়ে বাংলায় ঝড় বৃষ্টির ক্ষেত্রে পরিস্থিতি আরও অনুকূল হয়েছে বলে দাবি আবহাওয়া অফিসের।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক সপ্তাহের শুরুতেই কেমন থাকবে সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। ঝড় বৃষ্টির দাপট অব্যাহত থাকবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।
আগামীকালের আবহাওয়া
এবার আসা যাক মঙ্গলবারের আবহাওয়া সম্পর্কে। জানা গিয়েছে, এদিন আবার তুমুল ঝড় বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব অ পশ্চিম মেদিনীপুর জেলায়। বাকি জেলাগুলিতেও চলবে দুর্যোগ বলে খবর।
আরও পড়ুনঃ বিমা খাতে ১০০% বিদেশি বিনিয়োগ, LIC-তে কত? নতুন নিয়ম লাগু সরকারের
উত্তরবঙ্গের কথা বললে, এদিনও ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও বৃষ্টি এবং কালবৈশাখীর জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে মালদা এবং দার্জিলিং জেলায়। বৃষ্টি হবে বাকি জেলাগুলিতেও।










