প্রীতি পোদ্দার, কলকাতা: বৈশাখের শুরুতেই মাথা ঘোরানো গরম পড়ল রাজ্যে। সকাল থেকেই রোদের তেজ এতটাই প্রখর যে বাইরে বেরোলেই তাপে গা জ্বালা দিয়ে উঠছে। বেলা গড়াতে না গড়াতেই ঘামে অস্বস্তি বাড়ছে। যদিও এটা শুধু ট্রেলার, কারণ আগামী কয়েকদিনের (Weather Tomorrow) মধ্যে এই গরম আরও কিছুটা বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে (South Bengal)। তবে এই গরমের মাঝেই বৃষ্টির সংকেত দিল আবহাওয়া দফতর।
অনেক আগেই হাওয়া অফিস জানিয়েছিল যে বৈশাখের শুরুটা মোটেও স্বস্তির হবে না। তাপমাত্রা বাড়বে, আর সেটিই এবার বাস্তবায়িত হল। ঝাড়খণ্ড ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিমি উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত দানা বাঁধছে। এর পাশাপাশি দক্ষিণ অসম থেকে দক্ষিণ তামিলনাড়ু পর্যন্ত একটি উত্তর-দক্ষিণ অক্ষরেখাও বিস্তৃত রয়েছে। আর এই দুইয়ের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় তীব্র গরমের সম্ভাবনা তৈরি হয়েছে। এমতাবস্থায় রাজ্যের একাধিক জেলায় ধেয়ে আসতে চলেছে কালবৈশাখী। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার কলকাতার সহ দক্ষিণ বঙ্গে উষ্ণ এবং শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়বে। ইতিমধ্যেই অস্বস্তিকর গরমের সতর্কতা জারি আছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। রোদের তেজ এতটাই বাড়বে যে বাইরে বেরোনো দুর্বিষহ হয়ে উঠবে। এদিকে এই গরমের মাঝেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে অস্বস্তিকর গরমের মধ্যেই আজ থেকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে দক্ষিণবঙ্গে বিচ্ছিন্নভাবে বৃষ্টির পূর্বাভাস থাকলেও আর্দ্রতাজনিত গরম থেকে এখনই পুরোপুরি রেহাই পাওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে বৃষ্টির হাত ধরে সাময়িক স্বস্তি এলেও গুমোট গরম ও আর্দ্রতার দাপট সপ্তাহজুড়েই বজায় থাকতে পারে।
আরও পড়ুন: ঢুকবে না গরম হাওয়া, বাড়বে নিরাপত্তাও, এবার লোকাল ট্রেনেও অটোমেটিক দরজা
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গ যখন বৈশাখের গরমে পুড়ছে, তখন উত্তরে বৃষ্টির দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-সহ পাহাড়ি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে খুব বেশিদিন এই বৃষ্টি স্থায়ী থাকবে না। আগামী ১৯ এপ্রিল পর্যন্ত উত্তরের সব জেলায় বজ্রপাত সহ বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে। তারপর ধীরে ধীরে সেখানকার তাপমাত্রা বৃদ্ধি পাবে।










