সহেলি মিত্র, কলকাতা: ভাদ্র মাস পড়ে গিয়েছে। এদিকে বৃষ্টির তুমুল তাণ্ডব অব্যাহত রয়েছে বাংলা জুড়ে। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, বাংলা থেকে নিম্নচাপ সরে গিয়েছে। এটা শুনে খুশি হচ্ছেন? দাঁড়ান দাঁড়ান, বড় ট্যুইস্ট অপেক্ষা করছে বঙ্গবাসীর জন্য। নিম্নচাপ সরেছে তো কী হয়েছে, আজ শনিবার অর্থাৎ সপ্তাহান্তেও বাংলার অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা (Weather Today) রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আজ থেকে আবার নতুন করে তেড়েফুঁড়ে বৃষ্টি নামবে কলকাতার সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বলে খবর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, শনিবার বীরভূম, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা থেকে মাঝারি তো কখনো বিক্ষিপ্তভাবে বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি এদিন ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে বলে খবর।
বাংলার সমগ্র আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে বললে, সমুদ্রপৃষ্ঠে অবস্থানরত মৌসুমি অক্ষরেখা বর্তমানে শ্রী গঙ্গানগর, নারনৌল, মধ্য ও উত্তর মধ্যপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশের উপর অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্রের কেন্দ্র, ডালটনগঞ্জ, বহরমপুরের মধ্য দিয়ে অতিক্রম করে পূর্বদিকে ত্রিপুরার দিকে বিস্তৃত হয়েছে। মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল রয়েছে। তার সঙ্গে ঘূর্ণাবর্তটি রয়েছে সমুদ্রতল থেকে ৭.৬ কিলোমিটার উঁচুতে। সেইসঙ্গে বাংলাদেশ এবং আশপাশের অঞ্চলের উপর আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা সমুদ্রতল থেকে ১.৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হালকা বৃষ্টি হতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও।
আরও পড়ুনঃ গাড়িতে ওটা কে? ট্রাকে লাগানো গরুর ছবিকে মা ভেবে ছোট্ট বাছুরের আর্তির ভিডিও ভাইরাল
আগামীকালের আবহাওয়া
রবিবার অর্থাৎ ছুটির দিনের আবহাওয়া সম্পর্কে বললে, সেদিন দক্ষিণবঙ্গের বীরভূম, হাওড়া, কলকাতা এবং মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে জেলাগুলিতে। উত্তরবঙ্গের কথা বললে, এদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে।










