কিছুক্ষণেই ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, সঙ্গে বজ্রপাতের আশঙ্কা, আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে, পঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে ঋতুকালীন অক্ষরেখা। আর এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করায় ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর (North Bengal) বা দক্ষিণবঙ্গে (South Bengal)। আজ এবং আগামীকালও (Weather Tomorrow) রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা।

আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আর কিছুক্ষণ পরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হতে চলেছে। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পুরুলিয়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় এক-দু’টি স্থানে বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে সকাল থেকেই মেঘলা আকাশ দেখা যাবে। মাঝে মধ্যেই রোদের আভা যেমন বজায় থাকবে ঠিক তেমনই অস্বস্তিকর ভ্যাপসা গরম অনুভূত হবে। তবে দুপুরের পর থেকে আবহাওয়ার বদল দেখা যাবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: কলেজ ছাত্রীকে প্রকাশ্যে শ্লীলতাহানি! পিংলায় গ্রেফতার পুলিশ কনস্টেবল

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

একের পর এক দুর্যোগের মুখোমুখি হচ্ছে উত্তরবঙ্গের সমগ্র জেলা। উত্তরবঙ্গের পাঁচ জেলায় অতি প্রবল বর্ষণের জেরে ভূমিধসের চিত্র যেমন ফুটে উঠেছে ঠিক তেমনই আবার নদীর জলস্তর বেড়েই চলেছে। আগামীকালও ৭ থেকে ২০ সেন্টিমিটার বা তারও বেশি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও আগামী কয়েক দিনে বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।