কারিগরি শিক্ষায় জোর, মুর্শিদাবাদ সহ রাজ্যে তৈরি হবে নতুন ১১টি পলিটেকনিক কলেজ

Published:

Murshidabad

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে এবার বড় ঘোষণা, কারিগরি শিক্ষার পরিকাঠামো আরও মজবুত করতে মোট ১১টি পলিটেকনিক কলেজ (Polytechnic Colleges in Bengal) গড়ে তোলার উদ্যোগ নিল প্রশাসন। এর মধ্যে একটি মুর্শিদাবাদ (Murshidabad) বিধানসভায় তৈরি হবে। বৃহস্পতিবার, মুর্শিদাবাদ লোকসভা সাংগঠনিক কার্যালয়ে এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী গৌরীশংকর ঘোষ। এদিকে শিক্ষা ব্যবস্থায় প্রশাসনের এই নয়া উদ্যোগে খুশির আমেজ তৈরি হল জেলায় জেলায়।

রাজ্যে ১১টি পলিটেকনিক কলেজ হবে

বর্তমানে রাজ্যে কারিগরি শিক্ষার সুযোগ-সুবিধা নিয়ে এখনও নানা সমস্যার মুখে পড়ছেন পড়ুয়ারা। ভবিষ্যতে পড়ুয়ারা যাতে সমস্যায় না পড়ে, সে জন্য এবার ১১ টি পলিটেকনিক কলেজ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হতে চলেছে। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গত বৃহস্পতিবার, মুর্শিদাবাদ লোকসভা সাংগঠনিক কার্যালয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন গ্রন্থাগারমন্ত্রী তথা মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। এদিন তিনি জানান যে, “তৃণমূল শাসনের ১৫ বছরে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যকেন্দ্র গড়ে ওঠেনি। বরং বন্ধ করে দিয়েছে। খুব শীঘ্রই সংশ্লিষ্ট দপ্তর থেকে পলিটেকনিক কলেজ গড়ে তোলার বিষয়ে ঘোষণা করা হবে।”

ইনডোর স্টেডিয়াম গড়ে উঠবে লালবাগে

কলেজ খোলার প্রসঙ্গে মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ আরও বলেন যে, “শীঘ্রই প্রশাসনের তরফে জমি নির্ধারণ করা হবে। বাজেট বরাদ্দ করা হবে এবং কাজ শুরু হবে। মানুষ উপলব্ধি করতে পারবে বিজেপি সরকার রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য কতটা আন্তরিক।” এদিন ছেলেমেয়েদের খেলার জন্য আধুনিক মানের ইনডোর স্টেডিয়াম গড়ে তোলার কথাও জানিয়েছেন। মন্ত্রী বলেন, “লালবাগ হাসপাতালের উলটো দিকে প্রচুর পরিমাণে এনিমি প্রোপার্টি জবরদখল হয়ে আছে। এনিমি প্রোপার্টি থেকে জবরদখল সরিয়ে ওই জায়গায় আধুনিক মানের ইনডোর স্টেডিয়াম গড়ে তোলা হবে। সবাই সেখানে খেলাধুলোর সুযোগ পাবে।”

আরও পড়ুন: ‘গণতন্ত্র নিশ্চিত করা আপনার দায়িত্ব’ রাষ্ট্রপতির কাছে বিশেষ আর্জি মমতার

প্রসঙ্গত, এই ১১টি শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের এগ্রা, দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, বীরভূমের বোলপুর, কোচবিহারের দিনহাটা ও মেখলিগঞ্জ, দার্জিলিং সদর এবং জলপাইগুড়ির ধূপগুড়িতে তৈরি হবে বলে জানা গিয়েছে। এদিন মন্ত্রী গৌরীশংকর ঘোষ নিজের জেলার পর্যটন ব্যবস্থা আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য একের পর এক উদ্যোগ নিয়েছেন। সেখানে ভাগীরথীর উপর আমানিগঞ্জ-খোসবাগ ব্রিজ, জিয়াগঞ্জে সিল্ক হাব, লন্ডন মিশন হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন।

google button