৩০০০-র জায়গায় ১৫০০, অর্ধেক হয়ে গেল অন্নপূর্ণা যোজনা! বিডিওর দ্বারস্থ মহিলা

Published:

annapurna

আনিষা চৌধুরী, কলকাতা: বর্তমান সরকারের অন্নপূর্ণা যোজনার প্রকল্প অনুযায়ী প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে প্রতি মাসে ৩০০০ টাকা করে ঢোকার কথা। কিন্তু সেই টাকা যদি হঠাৎ অর্ধেক হয়ে যায়? এমনটাই ঘটেছে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) ৩২ বছরের গৃহবধূ অনন্যা আশের সঙ্গে। অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) মাসে ৩,০০০ টাকা পাওয়ার কথা। কিন্তু সেই টাকার বদলে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে ১,৫০০ টাকা। ব্যাঙ্কের নথি দেখে আরও অবাক হন ওই মহিলা। টাকাটি জমা হয়েছে ‘বার্ধক্য ভাতা’ (Old Age Pension) হিসেবে। অথচ তাঁর বয়স মাত্র ৩২ বছর এবং তিনি বার্ধক্য ভাতার জন্য কোনও আবেদনই করেননি।

কীভাবে হলো এই গরমিল?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার নাম অনন্যা আশ। তাঁর অভিযোগ, অন্নপূর্ণা যোজনার আওতায় তিনি মাসে ৩,০০০ টাকা পাওয়ার কথা। সেই অনুযায়ী প্রথম দু মাস তিনি টাকা পেয়েছেন। তারপরেই হঠাৎ টাকা আসা বন্ধ হয়ে যায়। এরপর সেপ্টেম্বর মাসে তাঁর অ্যাকাউন্টে ১,৫০০ টাকা জমা পড়ে। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে ব্যাঙ্কের নথি পরীক্ষা করে তিনি জানতে পারেন, ওই টাকা অন্নপূর্ণা যোজনার নয়, ‘বার্ধক্য ভাতা’ হিসাবে পাঠানো হয়েছে।

অনন্যার বক্তব্য, তাঁর বয়স ৩২ বছর। ফলে বার্ধক্য ভাতা পাওয়ার প্রশ্নই ওঠে না। সবচেয়ে বড় কথা, এই ভাতার জন্য তিনি আবেদনও করেননি। তাহলে কীভাবে তাঁর নামে বার্ধক্য ভাতার টাকা বরাদ্দ হল, তা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।

অন্নপূর্ণা যোজনার টাকা কেন বন্ধ হল এবং তার পরিবর্তে তাঁর অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা কেন গেল, তার উত্তর জানতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন অনন্যা। এ বিষয়ে গলসি-২ ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন তিনি। তাঁর দাবি, ভুলটি দ্রুত সংশোধন করে অন্নপূর্ণা যোজনার প্রাপ্য টাকা ফের চালু করা হোক।

আরও পড়ুন: মহালয়ার আকাশে উড়বে ৩০০০ ড্রোন, বিজয়া সম্মিলনী নিয়েও বড় উদ্যোগ রাজ্যের

ঘটনাটি সামনে আসার পর প্রশাসনের তরফেও বিষয়টি খতিয়ে দেখার কথা জানানো হয়েছে। তবে কী কারণে ৩২ বছরের অনন্যার নামে বার্ধক্য ভাতার টাকা ঢুকল এবং অন্নপূর্ণার টাকা বন্ধ হল, সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি।

google button