রেজিনগরে উপনির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা, মোতায়েন সাড়ে ৩ হাজার কেন্দ্রীয় বাহিনী

Published:

security

আনিষা চৌধুরী, কলকাতা: মঙ্গলবার, ৬ অক্টোবর মুর্শিদাবাদের রেজিনগর (Rejinagar) বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (By-election)। ভোটকে কেন্দ্র করে যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। রেজিনগরে মোতায়েন থাকছে ৩৪ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী। পাশাপাশি দায়িত্বে থাকবেন ৮১৯ জন রাজ্য পুলিশকর্মী।

নির্বাচন কেন্দ্রে কড়া নিরাপত্তা

রেজিনগর কেন্দ্রে মোট ৩১৫টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। এর মধ্যে ২৮২টি মূল বুথ এবং ৩৩টি সহায়ক বুথ। প্রশাসনের যৌথ সমীক্ষায় ১৯টি এলাকাকে স্পর্শকাতর এবং ২২৯টি বুথকে ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই এলাকাগুলিতে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ ও এরিয়া ডমিনেশন চলছে।

ভোটের দিন প্রায় প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ান মোতায়েন থাকার কথা। রাজ্য পুলিশের ৮১৯ জনের মধ্যে ১৪৪ জন আধিকারিক এবং ৬৭৫ জন কনস্টেবল রয়েছেন। দুই কেন্দ্র নন্দীগ্রাম ও রেজিনগর মিলিয়ে মোট ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।

নিরাপত্তার পাশাপাশি ভোটারদের সুবিধার দিকেও নজর রাখা হয়েছে। প্রতিটি বুথে ভোটার অ্যাসিস্ট্যান্স বুথ রাখা হয়েছে। ১৫৮ ও ১৫৯ নম্বর বুথকে সম্পূর্ণ মহিলা পরিচালিত ও মডেল বুথ হিসেবে তৈরি করা হয়েছে। ভোটারদের মোবাইল ফোন রাখার জন্যও বুথগুলিতে ডিপোজিট ব্যাগের ব্যবস্থা থাকছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য ১৯৫০ হেল্পলাইনে ২৪ ঘণ্টা পরিষেবা চালু রয়েছে। পাশাপাশি সি-ভিজিল অ্যাপ এবং জাতীয় অভিযোগ পোর্টালের মাধ্যমে পাওয়া অভিযোগগুলিও ইতিমধ্যেই নিষ্পত্তি করা হয়েছে।

ভোটের প্রস্তুতিতে ইতিমধ্যেই EVM-এর প্রার্থীভিত্তিক সেটিং ও কমিশনিংয়ের কাজ শেষ হয়েছে। ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। রেজিনগরের স্ট্রংরুমে সার্বক্ষণিক CCTV নজরদারির পাশাপাশি ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় রাখা হয়েছে। ভোটগ্রহণের পর বহরমপুর গার্লস কলেজে হবে ভোটগণনা। EVM গণনার জন্য ১৪+৭টি এবং পোস্টাল ব্যালটের জন্য ৩+২টি টেবিলের ব্যবস্থা রাখা হয়েছে।

আরও পড়ুন: মিলবে ৫০ হাজার টাকা, ভগিনী নিবেদিতা প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী, কারা পাবেন সুবিধা? 

মঙ্গলবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। রেজিনগরের পাশাপাশি নন্দীগ্রামেও একই দিনে উপনির্বাচন হবে। দুই কেন্দ্রের ফল ঘোষণা করা হবে ৯ অক্টোবর। এখন কতটা সুষ্ঠু এবং স্বচ্ছভাবে এই গোটা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয় সেই দিকেই নজর জনগণের।

google button