বিক্রম ব্যানার্জী, কলকাতা: শনিবার বিকেলে, সোনারপুরে আক্রান্ত হন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁকে উদ্দেশ্য করে জুতো, ডিম এমনকি রাস্তায় পড়ে থাকা পাথরও ছুঁড়তে থাকেন স্থানীয় বাসিন্দারা। প্রকাশ্যে আসা ভিডিওতে কয়েকজনকে অভিষেকের জামা ধরেও টানতে দেখা যায়। দু একজনকে দেখা গেল অভিষেকের মাথা ধরে ঘুরিয়ে দিয়ে গেলেন! আর এমন ঘটনায় এবার সন্দেহভাজন 4 জনকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ। আটক হয়েছেন আরও তিন।
অভিষেকের উপর হামলার ঘটনায় অ্যাকশান মুডে সরকার
গতকাল, স্থানীয় বাসিন্দাদের হাতে মারধর এবং হেনস্থার শিকার হওয়ার পরই মৃত তৃণমূল কর্মী সঞ্জুর বাড়িতে ঢুকেই সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছিলেন অভিষেক। পুলিশের বিরুদ্ধে এদিন একগগুচ্ছ অভিযোগ তোলেন ডায়মন্ড হারবারের সাংসদ। এদিন অভিষেককে বলতে শোনা যায়, সোনারপুরে আসার আগে পুলিশকে জানিয়ে এসেছিলেন তিনি। তাঁদের তরফে পুলিশকে মেইল করে দেওয়া হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও তিনি যখন মার খাচ্ছিলেন তখন সেখানে ছিলেন না কোনও পুলিশ কর্মী।
জানা যাচ্ছে, অভিযোগ তুললেও গতকালের ঘটনায় অভিষেক বা তৃণমূলের তরফে থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। ফলে একেবারে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। আর তার ভিত্তিতে অভিযুক্তদের খোঁজ শুরু হয়। পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেলের হামলার ঘটনার সময়কার গোটা চত্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। আর তারপরেই তল্লাশি চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও পরে আটক করা হয় আরও তিনজনকে।
অবশ্যই পড়ুন: জুলাই থেকে সরকারি অফিস, বাড়িতে বসবে স্মার্ট মিটার, ঘোষণা রাজ্যের
জানা যাচ্ছে, ধৃতদের মধ্যে রয়েছেন আকাশ গায়েন, কাজল, দেবাশীষ, জয় সেনগুপ্ত সহ বেশ কয়েকজন। এদের প্রত্যেককেই আজ অর্থাৎ রবিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। এদিকে কয়েকটি সূত্র বলছে, নির্বাচনের পর এই ধরনের অমানবিক ঘটনা একেবারেই বরদাস্ত করবে না সরকার। ফলে আগামীতে অভিষেকের উপর হামলার ঘটনায় গ্রেফতারির সংখ্যা বাড়তে পারে। এক কথায়, সোনারপুরের ঘটনা নিয়ে পুরোপুরি অ্যাকশন মুডে শুভেন্দু অধিকারীর সরকার।










