শিয়ালদা ডিভিশনে বন্ধ হচ্ছে আটটি টিকিট কাউন্টার, কোথায় কোথায়? তালিকা দিল পূর্ব রেল

Published:

PRS Ticket Counter

সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের জন্য খারাপ খবর। এবার এক ধাক্কায় অনেকগুলি টিকিট কাউন্টার (PRS Ticket Counter) বন্ধ হতে চলেছে শিয়ালদা ডিভিশনে (Sealdah Division)। অর্থাৎ আগামী দিনে আপনাকে ভরসা করতে হবে অনলাইনকেই। ইতিমধ্যে কোন কোন কাউন্টার বন্ধ হবে তার একটি তালিকা দিয়েছে পূর্ব রেল (Eastern Railways) আপনিও কি প্রায়শই ট্রেনে ভ্রমণ করেন? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

১ জুলাই থেকে বন্ধ হচ্ছে একাধিক পিআরএস কাউন্টার

পূর্ব রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, শিয়ালদা ডিভিশনে আটটি স্থানে পিআরএস বা কম্পিউটারাইজড রিজার্ভেশন কাউন্টার স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। আগামী ৩০ জুন, ২০২৬ অবধি খোলা থাকবে। এরপর ১ জুলাই, ২০২৬ থেকে পিআরএস কাউন্টার বন্ধ হয়ে যাবে আগরপাড়া, টিটাগড়, জগদ্দল, বিরাটি, অশোকনগর রোড, মছলন্দপুর, ঢাকুরিয়া এবং নিউ আলিপুরের। আশঙ্কা করা হচ্ছে, রেলের এই সিদ্ধান্তের ফলে ব্যাপক হয়রানির মধ্যে পড়তে হবে যাত্রীদের।

আরও পড়ুনঃ LPG থেকে রেল, ব্যাঙ্ক, আধার! জুলাইতে হতে চলেছে ৬টি বড় পরিবর্তন

এখন প্রশ্ন উঠছে, আচমকা রেলের তরফে কেন এরকম সিদ্ধান্ত নেওয়া হল। রেল সূত্রে খবর যে ভারতীয় রেল দ্রুত তার টিকিট ব্যবস্থাকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে নিয়ে যাচ্ছে। বর্তমানে পিআরএস-এর প্রায় ৮৭% টিকিট অনলাইনে বুক করা হয়। এই লক্ষ্যে, রেল ওয়ান (RailOne)-এর মতো অ্যাপের মাধ্যম-কেও ডিজিটালভাবে প্রচার করা হচ্ছে।

RailOne কী?

রেলওয়ান হলো ভারতীয় রেলের একটি সমন্বিত মোবাইল অ্যাপ, যা যাত্রীদের একটি প্ল্যাটফর্ম থেকেই একাধিক রেল পরিষেবা ব্যবহারের সুযোগ দেয়। রেলওয়ান যাত্রীদের অনলাইনে সংরক্ষিত টিকিট (পিআরএস) বুক করার সুবিধাও দেয়। আইআরসিটিসির পাশাপাশি আপনি এই অ্যাপ ব্যবহার করে অনায়াসেই ট্রেনের টিকিট কাটতে সক্ষম হবেন।