সৌভিক মুখার্জী, কলকাতা: কলকাতা ও শহরতলির যানজট সমস্যা এড়ানোর জন্য বিরাট পদক্ষেপ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া বা এনএইচএআই-র। বড়সড় পরিকাঠামো উন্নয়নের পথে হেঁটে উত্তর ২৪ পরগনার ব্যস্ততম বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েকে (Belghoria Expressway) এবার ৬ লেনের উড়ালপুলে রূপান্তর করার জন্য পরামর্শদাতা নিয়োগ ও ডিপিআর তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। আর এই প্রকল্প বাস্তবায়িত হলে বিমানবন্দরে যাতায়াত আরও দ্রুত হবে বলেই মনে করা হচ্ছে।
প্রকল্পের লক্ষ্য এবং পরিকাঠামো
এনএইচএআই-র তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের বর্তমান ট্রাফিক সক্ষমতা বাড়াতে এই ৬ লেনের এলিভেটেড করিডর তৈরি করা হবে। বিশেষ করে বিমানবন্দরগামী যাত্রী এবং সংলগ্ন শিল্প বা আবাসিক এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের যানজটের সমস্যা মেটাতে এই বড়সড় পদক্ষেপ। আর এটি তৈরি হলে এক্সপ্লেক্সওয়ের নিচ দিয়ে যেমন লোকাল গাড়ি অনায়াসে চলাচল করতে পারবে, ঠিক তেমনই উপর দিয়ে দ্রুত গতিতে দূরপাল্লার বাস বা বিমানবন্দরের গাড়ি যাতায়াত করতে পারবে।
জানিয়ে রাখি, রাজ্যে সরকারের পালাবদলের পরপরই প্রকল্পের ডিপিআর এবং কনসালটেন্সি পরিষেবার জন্য দরপত্র বা টেন্ডার ডাকা হয়েছে। তবে ২০১৮ সালে তৎকালীন রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ধরনের একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান তথ্য অনুযায়ী, এনএইচএআই এখন সম্পূর্ণ নতুনভাবে ৬ লেনের করিডর তৈরি করতে চাইছে।
আরও পড়ুন: অনলাইনেই করা যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন, জানিয়ে দিলেন অগ্নিমিত্রা পাল
পাশাপাশি উড়ালপুল তৈরির এই দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের বর্তমান রাস্তার হাল ফেরাতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এনএইচ২ই এর ৭.৩৬৩ কিলোমিটার পর্যন্ত রাস্তা সংস্কার করানোর জন্য আনুমানিক ১৩৩.৮২ কোটি টাকার একটি পৃথক টেন্ডার ইতিমধ্যে ডাকা হয়েছে। এখন দেখার, কেন্দ্র সরকারের উদ্যোগে কত তাড়াতাড়ি এই এক্সপ্রেসওয়ে ছয় লেনের করিডরে পরিণত হয়।










